জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ‘জুলাই আপরাইজিং রান ২০২৬’
৬ আগস্ট ২০২৬ ১১:২১
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে ‘জুলাই মোদের ধমনীতে টগবগ করবে আমৃত্যু’ এই স্লোগানে এবং ‘রান এগেইনিস্ট ফ্যাসিজম’- এ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘জুলাই আপরাইজিং রান ২০২৬’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ আগস্ট সোমবার সকাল ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ম্যারাথনের উদ্বোধন করা হয়। ম্যারাথনের শুভ উদ্বোধন ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দেড় হাজার রানার অংশ নেন।
ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। এছাড়া উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নেতারা, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা এবং বিভিন্ন ছাত্র-সংগঠনের প্রতিনিধিরা।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা জুলাই ধারণ করতে ব্যর্থ হয়েছি। এখানে দেশের কাঠামোগত একটি পরিবর্তন আমরা চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অর্গানসগুলো রয়েছে-জুডিশিয়ারি, এডমিনিস্ট্রেশন, ডিফেন্স ফোর্স রাষ্ট্রের সব জায়গাগুলো অটোনোমাসলি ফাংশন করবে। বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে, স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। কিন্তু জুলাইয়ের পরে আমরা দেখেছি, শুধু ক্ষমতার হাত বদল হয়েছে, কার্যত কোনো সংস্কার বা পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, যে কথাগুলো বলে বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় আসীন হয়েছিল, সেই নিজের সাথেই নিজেরা আবার প্রতারণা করছে। আমরা চাই যে, এই সরকার যে রক্তের ওপরে দাঁড়িয়ে এসেছে, যে ত্যাগের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে, তারা সেই ত্যাগের মূল্যায়ন করবে। অন্যথায় এই তরুণ সমাজ তাদের বিরুদ্ধে আবার দাঁড়িয়ে যাবে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। বাংলাদেশের প্রতিটা অর্গানসকে আগামী নতুন বাংলাদেশের জন্য কাজে লাগাতে চাই। উন্নত একটি বিশ্বে আমরা নিজেদেরকে যেন সেভাবে দেখতে পাই সে আশা রাখছি। প্রেস বিজ্ঞপ্তি।