ভারতের সাথে নদী সমস্যার কারণে বড় বন্যা হচ্ছে –এডভোকেট জুবায়ের
১৫ জুলাই ২০২৬ ১৩:৪৪
মৌলভীবাজার সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ভারতের সাথে আমাদের নদী সমস্যার সমাধান হচ্ছে না। এই কারণে বাংলাদেশে মাঝে মাঝে বড় ধরনের বন্যা হচ্ছে।
তিনি বলেন, আমাদের দেশের নদীগুলোর অসুবিধার কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত। বন্যার ঢল যখন নামে, তখন সমস্যার সৃষ্টি হয়। সরকারের দায়িত্ব হচ্ছে অভিজ্ঞতার আলোকে বাঁধ নির্মাণ করে বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা।
গত ১১ জুলাই শনিবার সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলা জামায়াতের আয়োজনে টেংরা মাদরাসায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট জুবায়ের আরও বলেন, বৃষ্টির পানি নদীতে প্রবাহিত করার জন্য নদী ব্যবস্থাপনার একটা নিয়ম আছে। এটি করার দায়িত্ব সরকারের। মন্ত্রণালয় না করার কারণে এই সমস্যা হয়। তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের ৫৬টি নদীর সংযোগ রয়েছে। ভারত অধিকাংশ নদীতে বাঁধ দিয়ে রেখেছে। তারা পানি আটকিয়ে রেখে বৃষ্টির সময় পানি ছেড়ে দেয়। পানি আটকিয়ে রেখে তারা সেখানে বিদ্যুৎ উৎপাদন করে। করতে অসুবিধা নেই। কিন্তু নিয়ম হচ্ছে, আন্তঃনদী সংযোগ নিয়ে উভয়ে আলাপ করতে হয়। আমাদের একটা নদী কমিশন রয়েছে। কিন্তু নদী কমিশন ভারতের সাথে মিটিং করতে পারে না। তারা বড় লোক তো, মোটা সোটার কারণে তাদের পা পিছিয়ে আছে।
তিনি অভিযোগ করে বলেন, এটি আমাদের জন্য বড় সমস্যার কারণ হয়েছে। একটা হচ্ছে, সরকারের যে সমস্ত মন্ত্রণালয়ে দায়িত্ব তাদের অবনতির দিকে আনা, দুর্নীতি ও লুটপাটের মনমানসিকতা। যার কারণে আমরা বার বার এই সমস্যায় পড়েছি। এর মধ্যে একটি হচ্ছে ভারতের সাথে আমাদের নদী সমস্যার সমাধান হচ্ছে না। এই কারণে বাংলাদেশে মাঝে মাঝে বড় ধরনের বন্যা হয়।
তিনি বলেন, ২০২৪ সালে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বড় ধরনের বন্যা হয়। এতে আমাদের হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। সরকার এই সমস্ত বিষয়ে দায়িত্বশীল হয়ে আন্তর্জাতিক যোগাযোগ রাখবে, এসব বিষয়ে আলোচনা করবে এবং আলোচনা সংসদে আসবে বলে আমরা আশা করি। তিনি বলেন বিরোধীদল জাতীয় স্বার্থে জনগণের কল্যাণে ভূমিকা রাখবে।