চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে আমীরে জামায়াতের গভীর শোক
১০ জুলাই ২০২৬ ২০:৪৮
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আজ ৯ জুলাই এক শোক বিবৃতিতে বলেন, “চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের হুইতেং জুতা কারখানায় ৯ জুলাই (বৃহস্পতিবার) স্থানীয় সময় দুপুরের দিকে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু এবং বহু মানুষের হতাহত ও আটকে পড়ার ঘটনায় আমি গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি।
তিনি আরও বলেন, একটি কর্মমুখর কারখানায় আকস্মিক এই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এতগুলো তাজা প্রাণ ঝরে পড়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহত কর্মজীবী মানুষেরা তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এই আকস্মিক মৃত্যুতে তাদের পরিবারগুলো আজ চরম অসহায়ত্বের সম্মুখীন।
আমি এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের যথাযথ মর্যাদা কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে, যারা আগুনে দগ্ধ ও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, আমি তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করি।
আমরা আশা করি কারখানার ভেতরে এখনো যারা আটকে আছেন, তাদের চীন সরকার দ্রুত ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হবেন এবং তাদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে এই বিরাট ক্ষয়-ক্ষতি শীঘ্রই কাটিয়ে উঠতে চীনা সরকার ও সে দেশের জনগণ সক্ষম হবেন।
তারিখঃ ৯ জুলাই ২০২৬ খ্রি. বিবৃতি