ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ ঘোষণা করলেন ট্রাম্প


৮ জুলাই ২০২৬ ২০:৫৬

সোনার বাংলা ডেস্ক : ইরানের সঙ্গে অন্তর্বর্তী সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত বাতিল হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, আলোচনার পথ পুরোপুরি বন্ধ করা হচ্ছে না।
গত ৮ জুলাই বুধবার তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়।’
তিনি আরও বলেন, ‘তারা অত্যন্ত খারাপ মানুষ। তাদের নেতৃত্বও খারাপ মানুষের হাতে। তারা সহিংস। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা ব্যবহার করত। আমার দৃষ্টিতে বিষয়টি শেষ।’
তবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন। যদিও তিনি আলোচনার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, ‘তারা কথা বলতে পারে, কিন্তু আমার মনে হয় তারা শুধু সময় নষ্ট করছে।’
গত ৭ জুলাই মঙ্গলবার হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র বন্দর আব্বাস, সিরিক এবং কেশম দ্বীপে ব্যাপক সামরিক হামলা চালায়। একইসঙ্গে ইরানের তেল বিক্রির অনুমতিও বাতিল করে ওয়াশিংটন। এর জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে হামলা চালানোর দাবি করেছে। এতে যুদ্ধবিরতির সমঝোতা ভেঙে গিয়ে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
সিএনএনের এক কর্মকর্তা জানান, বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই যুক্তরাষ্ট্র এই অভিযান চালিয়েছে। হামলার সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা চলছিল।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর মাহশাহর ও বুশেহরসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বন্দর মাহশাহরে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।