একটি দল মজলুম থেকে জালিম হয়ে উঠেছে -শিবির সভাপতি
৪ জুন ২০২৬ ১১:০৫
সাতক্ষীরা সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেছেন, যারা এতদিন মজলুম ছিল, তারা এখন জুলুম শুরু করেছে। মজলুম যখন জালেম হয়, তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।
গত শনিবার (৩০ মে) দুপুরে সাতক্ষীরা মোজাফর গার্ডেন অ্যান্ড রির্সোটে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বলেন, ছাত্রশিবির হচ্ছে বিশ্বের সকল ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে বড় সংগঠন। একটি মেধাবী, আদর্শিক ও নৈতিকতাসম্পন্ন ছাত্র সংগঠন। মেধার চর্চা এবং মেধাবী শিক্ষার্থী তৈরি যার উদ্দেশ্য। তাদের গুপ্ত বলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখা যাবে না।
শিবির সভাপতি বলেন, বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর জন্য সিট নিশ্চিতের জন্য শিবির যখন আন্দলন করছে, তখন বৃহত্তর ছাত্র সংগঠন দাবি করা সংগঠনের নেতারা ছিনতাই খুন- ধর্ষণ, টেন্ডারবাজি- চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। ক্যাম্পাসগুলোয় শিবিরের কর্মসূচিতে যখন সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। আর যখন অন্য ছাত্র-সংগঠনের নেতারা বহিরাগতদের ভাড়া করে এনেও তাদের কর্মসূচি সফল করতে পারছে না, তখন ছাত্রশিবিরকে তারা গুপ্ত বলছে। তাদের সেই বস্তাপচা রাজনীতি দেখে ছাত্র-ছাত্রীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তিনি আরও বলেন, ইসলামের আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে একটি কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা ছাত্রশিবিরের মূল লক্ষ্য। ক্যাম্পাসে গেস্টরুম সংস্কৃতি ও মাদক নির্মূল করে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংগঠনটি বদ্ধপরিকর। সরকারের অব্যবস্থাপনা ও দুর্বলতার কারণে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
তিনি বলেন, ঈদযাত্রায় মানুষের চরম ভোগান্তি হয়েছে এবং সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। কুরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করে সমাজে ত্যাগ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রশিবিরকে এগিয়ে আসার আহ্বান জানান শিবির সভাপতি।
‘ঈমানী আলোয় দীপ্ত হৃদয়, সম্প্রীতির এই গান শিকড়ের টানে এক হবো সবে, জাগবে দীনি প্রাণ।’ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুন নবির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৪ আসনের সংসদ গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নাযেবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুকসহ সাবেক ও বর্তমান দায়িত্বশীলরা।