সরকার ভাষা বুঝতে ব্যর্থ হলে জনগণ আবার রাস্তায় নেমে আসবে —ইজ্জত উল্লাহ এমপি
২৯ এপ্রিল ২০২৬ ১৮:০৪
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে জনগণই আবার রাস্তায় নেমে আসবে। কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে এই সরকারকে। যে কারণে সরকার চাইলেও সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা পূরণে সরকার এখন ছলচাতুরী শুরু করেছে।
গত ২৪ এপ্রিল শুক্রবার রাতে জেলার মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে সাতক্ষীরা পৌর জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি খোরশেদ আলমের সঞ্চালনায় শিক্ষাশিবিরে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, কর্মপরিষদ সদস্য এডভোকেট আজিজুল ইসলাম, শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু তালেব, মাওলানা আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।
ইজ্জত উল্লাহ অভিযোগ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্রদলকে হায়েনার মতো শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেওয়া হচ্ছে। সরকার সেই পুরানো কর্তৃত্ববাদী শাসনের পথে ফিরতে চাচ্ছে। কিন্তু দেশের জনগণ সরকারের সেই আশা পূরণ করতে দেবে না।
সরকারকে হুঁশিয়ারি করে তিনি বলেন, আমরা বহু রক্ত দিয়েছি, দেশের মানুষ বারবার জীবন দিয়েছে। আমরা আর রক্তের বিনিময়ে পরিবর্তনের পথে হাঁটতে চাই না। সরকার জনগণের গণভোটের ম্যান্ডেট যদি মূল্যায়ন না করে, জনগণই আবার রাস্তায় নেমে আসবে। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। রাজপথে কীভাবে আন্দোলন করতে হয় আমরা জানি। দেশের মানুষ জানে। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না, বলেন তিনি।