কাউখালীর চরাঞ্চলে বাণিজ্যিক তরমুজ চাষে অভাবনীয় সফলতা


২৯ এপ্রিল ২০২৬ ১৮:০২

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের কাউখালীতে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করে সফলতা পেয়েছে কৃষকরা। উপজেলার ৪ নম্বর চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর ও কেশরতা গ্রামের চরাঞ্চলের প্রায় সাড়ে ৮৬ একর জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করা হয়েছে।
সরেজমিন দেখা যায়, বিস্তীর্ণ চরজুড়ে যেন সবুজ কার্পেট বিছানো জমিনে সারি সারি তরমুজের সমারোহ। কৃষকদের সাথে কথা বলে জানা যায়, চরাঞ্চলের উর্বর বালু মাটিতে মাত্র দুই মাসেই তরমুজে ভরে গেছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে ফলনের ব্যাপারেও বেশ আশাবাদী কৃষকরা। অন্যদিকে আশার মাঝে তরমুজের দাম নিয়ে হতাশার কথাও জানান কৃষকরা। কারণ উৎপাদনের তুলনায় চাহিদা কমে যাওয়ায় তরমুজের দামও কমে গেছে।
সাধারণত উপজেলার বেশির ভাগ কৃষিজমি আমন মৌসুমের পর অনাবাদি পড়ে থাকে। উপজেলা কৃষি অফিসের প্রচেষ্টায় বর্তমানে সন্ধ্যা নদীর তীরে সুবিদপুর ও কেশরতা গ্রামের বিস্তীর্ণ জমিতে তরমুজ চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া এসএসিপি প্রকল্পের সহায়তায় আধুনিক প্রযুক্তি ও সঠিক পরামর্শের মাধ্যমে চাষিরা তরমুজ চাষে সফলতা লাভ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রানী দাস বলেন, কৃষকদের অনাবাদি জমি আবাদে আনতে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে। এ এলাকার মাটি ও জলবায়ু তরমুজ চাষের জন্য উপযোগী হওয়ায় ভবিষ্যতে আরও কৃষক তরমুজ চাষে আগ্রহী হবেন বলে আশাবাদী তিনি।