এলএসটিডি প্রকল্পের উদ্যোগে চট্টগ্রামে প্রথমবার ‘রাইস গার্ডেন’ স্থাপন


১৬ এপ্রিল ২০২৬ ১৪:৫৭

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : এলএসটিডি প্রকল্পের উদ্যোগে প্রথমবারের মতো চট্টগ্রামে একটি ‘রাইস গার্ডেন’ স্থাপন করা হয়েছে। প্রকল্পের অর্থায়নে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের তত্ত্বাবধানে বোরো মৌসুম উপযোগী ৫৬টি ধানের জাত নিয়ে এই প্রদর্শনী স্থাপন করা হয়। চট্টগ্রাম অঞ্চলে এ ধরনের উদ্যোগ এই প্রথম, যা কৃষি গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলার প্রায় ১৫টি প্রযুক্তি গ্রামে একই ধরনের রাইস গার্ডেন স্থাপন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো কৃষকদের কাছে উন্নত ও উচ্চ ফলনশীল ধানের জাত এবং আধুনিক কৃষি প্রযুক্তি সহজভাবে পৌঁছে দেওয়া, মাঠ পর্যায়ে বিভিন্ন জাত সম্পর্কে বাস্তব ধারণা তৈরি করা এবং কৃষকদের উন্নত ধান চাষে উৎসাহিত করা।
রাইস গার্ডেনে বোরো মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত বিভিন্ন ধানের জাত প্রদর্শন করা হয়েছে, যার মধ্যে রয়েছে উচ্চফলনশীল ব্রি ধান১০৮ ও ব্রি ধান১০২, স্বল্পমেয়াদি ব্রি ধান৮৮, জিংক সমৃদ্ধ ব্রি ধান১০০, ডায়াবেটিক উপযোগী ব্রি ধান১০৫, ব্লাস্ট প্রতিরোধী ব্রি ধান১১৪সহ বিভিন্ন হাইব্রিড জাত।