নগরবাসীর ভোগান্তি নিরসনে ডিএসসিসির প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়


৯ এপ্রিল ২০২৬ ১০:৩৯

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৪ ও ঢাকা-৫ সংসদীয় এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধান করে নগরবাসীর ভোগান্তি নিরসনের লক্ষে গত ৫ এপ্রিল রোববার সকালে ডিএসসিসির প্রশাসক আব্দুস সালামের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।
যৌথ এই মতবিনিময়কালে দুই এমপি নিজ নিজ সংসদীয় এলাকার গ্যাস সংকট, অনুন্নত স্বাস্থ্যসেবা, মশার উপদ্রব, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, সড়কের দুরাবস্থা, বর্জ্য অব্যবস্থাপনা, নিরাপদ পানির অভাব, মাদক, কিশোর গ্যাং, খেলার মাঠের অভাব, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অব্যবস্থপনাসহ বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে জরুরি ভিত্তিতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে ব্যবস্থা নিতে ডিএসসিসির প্রশাসকের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি সংসদ সদস্য কামাল হোসেন বলেন, যাত্রাবাড়ীতে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা প্রয়োজন। তিনি বলেন, শহীদ স্মৃতিস্তম্ভের মর্যাদা রক্ষায় চারপাশে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। শহীদের সম্মানার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি ডিএসসিসির প্রশাসককে অনুরোধ জানান। ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম সকল সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর শাহাজাহান খান, ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী, কদমতলী থানা আমীর মহিউদ্দিন, মহানগরীর শূরা সদস্য যথাক্রমে আব্দুর রহিম জীবন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ কবিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মাওলানা আবদুর রব ফারুকী, অধ্যক্ষ যাকীর হুসাইন, মাওলানা মো. জুনায়েদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।