সড়কমন্ত্রী ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করবেন কিনা
২ এপ্রিল ২০২৬ ১২:৫৫
সাইফুল আলম খান মিলন এমপির প্রশ্ন
সোনার বাংলা ডেস্ক : সড়কে আর কত মানুষ মারা গেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম অস্বস্তিবোধ করবেন- এ প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন। এ ঘটনায় দায় নিয়ে তিনি পদত্যাগ করবেন কি না, তাও জানতে চেয়েছেন তিনি।
গত সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর সময় নিয়ে তিনি এসব কথা বলেন। সাইফুল আলম বলেন, আমাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রা অনেক স্বস্তির হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৭০ জন মারা গেছেন। একটি বাস ফেরি থেকে পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু তিনি সেখানে দেখতেও যাননি।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় নিহতদের জন্য মাত্র ২৫ হাজার টাকা এবং আহতদের জন্য ১৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। জীবনের মূল্য কি মাত্র ২৫ হাজার টাকা? আমরা ওয়েস্টমিনস্টার পদ্ধতি অনুসরণ করি, ব্রিটেনে হলে তিনি পদত্যাগ করতেন। আমাদের মন্ত্রী পদত্যাগ করবেন কি না, সেই প্রশ্ন রেখে যাচ্ছি।
পবিত্র ঈদুল ফিতরের বিরতি শেষে গত ২৯ মার্চ রোববার পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন। এদিন বিকেল ৩টায় অধিবেশন শুরুর পর প্রথমবারের মতো সভাপতিত্ব করেন নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গত ২৯ মার্চ রোববার মুলতবি হওয়ার পর সোমবার বিকেল ৩টায় আবারও অধিবেশন শুরু হয়।