জনগণের রায়ে আমরা ক্ষমতায় এলে দুর্নীতি ও জুলুম বন্ধ করা হবে : এডভোকেট মুহাম্মদ আবুল কালাম


১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৭

মাহমুদুল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা আমীর এডভোকেট মুহাম্মদ আবুল কালাম বলেছেন, ‘জনগণের রায়ে আমরা ক্ষমতায় এলে দুর্নীতি ও জুলুম বন্ধ করা হবে। সাধারণ খেটে খাওয়া মানুষের দায়িত্ব আমরা নেব। বেকারদের কাজের ব্যবস্থা করে দেব। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা চত্বরে বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী পথসভা ও গণমিছিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বান্দরবান ৩০০নং আসনে ১১ দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দীনের সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়। পথসভার পূর্বে একটি বিশাল মিছিল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে নাইক্ষ্যংছড়ি থানার মোড় হয়ে পেট্রোল পাম্প রোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে ফিরে পথসভার মাধ্যমে শেষ হয়।
এসএম সুজা উদ্দীন বলেন, বান্দরবানের প্রাণ প্রকৃতি ও মানুষের ভাষা ও জীবনযাত্রার বৈচিত্র্যকে সামনে রেখে তাদের জন্য উপযোগী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র শিল্পের বিকাশ সাধন করা হবে। বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বেকার ভাতা দেব না, রাষ্ট্রের টাকা থাকলেও না। ভাতা দিলে বেকারত্ব কমে না, বরং বাড়ে। আমরা ভাতা নয়, কাজ দেব।’
নির্বাচনী জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সহযোগিতা কামনা করেন বক্তারা।