আসুন সবাই মিলে একটি উন্নত, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি -এটিএম আজহারুল ইসলাম


৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৪৩

রংপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ২৪-এর জুলাই বিপ্লবের ছাত্র-জনতার ত্যাগ আর রক্তের বিনিময়ে আজ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়ে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে কথা বলার সুযোগ পেয়েছি। আমাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দিয়ে ১৪ বছর জালিমের কারাগারে রাখা হয়েছিল। সেখান থেকে জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে ন্যায়বিচার পেয়ে আমি মুক্তি লাভ করেছি। এই স্বাধীনতা আর দেশের সার্বভৌমত্ব ধরে রাখতে আসুন, সবাই মিলে একটি উন্নত, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন এবং কাক্সিক্ষত বিজয় দান করুন, আমীন।
তিনি গত ২৪ জানুয়ারি শনিবার রাতে নিজের নির্বাচনী এলাকার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের স্থানীয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইকরচালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা শূরা সদস্য শাহ্ মোহাম্মদ হান্নান খান। বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, যুব বিভাগের সভাপতি মোহাম্মদ কাজী সামছুল হুদা, সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জিকরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, আমি ১০ দলীয় জোটের পক্ষে আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্যপ্রার্থী হয়েছি। ঐ নির্বাচনে দেশ গড়ার লক্ষ্যে সকলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই।
তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দেশের কল্যাণ নিহিত। এজন্য উচ্চ শিক্ষাগ্রহণ ও অধিকার নিশ্চিত করে আমাদের আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে হেেব। এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্র কল্যাণের পথে এগিয়ে যাবে।
জনসভায় এই মজলুম জামায়াত নেতা আরও বলেন, আমাদের সৎ নেতৃত্ব, দেশপ্রেম এবং উন্নত চরিত্রের মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। আমরা সমাজ ও রাষ্ট্রে আল্লাহর নির্দেশিত কল্যাণের পথে সততার সাথে জনগণের আমানত সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করবো।
গত রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এটিএম আজহারুল ইসলাম বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ময়নাকুড়ি হাটে স্থানীয় জামায়াতে ইসলাম আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন এবং বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মুহাম্মদ কামরুজ্জামান কবির, নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।