মুক্তাগাছায় জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল

ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে জামায়াত : এডভোকেট মতিউর রহমান আকন্দ

সোনার বাংলা অনলাইন
৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ইসলামের আদর্শের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই জামায়াতে ইসলামী রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

তিনি বলেন, আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আমরা নীরব হব না, নিথর হব না, স্তব্ধ হব না—আল্লাহর বিধান ও আল্লাহর দীন বিজয়ী না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

গত ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে মুক্তাগাছার জয়বাংলা বাজারে সীরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আগামী দিনগুলোতে আল্লাহর দীনের পক্ষে মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে মাঠে-ময়দানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তাগাছার মাটিতে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে ঈমানদারদের উদ্দেশে ঘোষণা করেছেন— “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।”

তিনি আরও বলেন, একজন মুমিনের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা। আমাদের আদর্শ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পবিত্র কুরআন তাঁকে মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে উপস্থাপন করেছে। রাসূলুল্লাহ (সা.)-এর জীবন, চরিত্র, নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার আদর্শ অনুসরণ করে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইসলামের আদর্শের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই জামায়াতে ইসলামী রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। সেই লক্ষ্যেই মুক্তাগাছায় সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন উল্লেখ করে বলেন, মুক্তাগাছার এক লাখ এক হাজার মানুষ তাঁকে সমর্থন দিয়েছেন। এ জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, স্বচ্ছ লক্ষ্য, নীতি ও আদর্শকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের রাজনীতিতে ভূমিকা রেখে যাচ্ছে। জনগণের মধ্যে জামায়াতের প্রতি সমর্থন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি দাবি করেন। জনগণ একসময় জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মসূচিকে আরও ব্যাপকভাবে গ্রহণ করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে—ইনশাআল্লাহ।

মুক্তাগাছা উপজেলার তৃণমূল পর্যায়ের জয়বাংলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সীরাত মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি, স্থানীয় জনগণ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সীরাত মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন, আদর্শ, চরিত্র ও মানবতার প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। এদিন বাদ মাগরিব ২নং বড়গ্রাম ইউনিয়নে এক ইসলামী মাহফিলে বক্তব্য দেন তিনি ।

রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৩