নির্বাচনে তারুণ্যের ভোট দেশকে নতুন বার্তা এনে দেবে : এটিএম আজহারুল ইসলাম
২৮ নভেম্বর ২০২৫ ১০:২৬
বদরগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে তারুণ্যের ভোট দেশকে নতুন র্বাতা এনে দেবে। আমি এ এলাকা থেকে নির্বাচিত হলে জনগণের আমানত সঠিকভাবে পৌঁছে দেবো।
গত শনিবার (২২ নভেম্বর) বদরগঞ্জে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার প্রাক্কালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুরের বদরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় শাহাপুর মাঠ থেকে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের সফল পরিণতির জন্য জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে।
আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এজন্য সব আসনে সৎ মানুষদের মনোনয়ন দিয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত এই সৎ মানুষদের নিয়ে শোষণ ও বঞ্চনামুক্ত ইনসাফভিত্তিক দেশ গড়বে।
মোটরসাইকেল শোভাযাত্রায় রংপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান, বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমীর শাহ্ মোহাম্মদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম, পৌর আমীর মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান, যুব বিভাগের সভাপতি মাসুদ রানা উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল শোভাযাত্রাটি বদরগঞ্জ উপজেলার স্থানীয় শাহাপুর মাঠ থেকে যাত্রা শুরু করে উপজেলার শ্যামপুর, গোপালপুর ইউনিয়ন, লোহানীপাড়া ইউনিয়ন, নাগেরহাট, কালুপাড়া ইউনিয়ন, বিষ্ণুপুর ইউনিয়ন, রামনাথপুর ইউনিয়ন, ট্যাক্সেরহাট বাজার হয়ে উপজেলা সদরে গিয়ে শেষ হয়।