মুলাদী সরকারি কলেজে ছাত্রশিবিরের ‘ক্যারিয়ার গাইডলাইন ও এক শিক্ষার্থী এক কুরআন প্রকল্প-২৫’


২৮ নভেম্বর ২০২৫ ১০:২৩

বরিশাল সংবাদদাতা : মুলাদী সরকারি কলেজে ‘ক্যারিয়ার গাইডলাইন ও এক শিক্ষার্থী এক কুরআন প্রকল্প-২৫’ শীর্ষক বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির মুলাদী উপজেলা শাখার সভাপতি মো. হামিম। উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ ইসলাম সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। প্রধান অতিথি তরুণদের সম্ভাবনা ও দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বাংলাদেশ সম্ভাবনার দেশ। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় শক্তি। জ্ঞান, ঈমান, নৈতিকতা, পেশাগত দক্ষতা ও দূরদর্শী ক্যারিয়ার পরিকল্পনার সমন্বয়ই তরুণদের প্রকৃত জনসম্পদে রূপান্তরিত করতে পারে। নিজেদের আল্লাহর সন্তুষ্টি ও দেশের কল্যাণে নিবেদিত করে গড়ে তুললে আগামী দিনের ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তোমরাই নেতৃত্বের প্রধান শক্তি।’