আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে : ডা. আবদুল্লাহ তাহের
২১ নভেম্বর ২০২৫ ১১:৩৯
কুমিল্লা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। সকলের মতপ্রকাশের নির্বাচন। তিনি বলেন, আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরুতে বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সুতরাং জামায়াত ক্ষমতা পেলে কাউকে নির্যাতন করা হবে না।
গত শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গুণবতী উচ্চ বিদ্যালয় মাঠে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন জামায়াতের এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ দেখবে। যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। কারণ জামায়াতের দুজন মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পায়নি। আর আমাকে গ্রেফতারের পর বার বার চেষ্টা করেও কোনো দুর্নীতি পায়নি। পরে দুদক স্বীকার করেছে, তথ্যগত মিসগাইডের কারণে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সময়ে জামায়াতের ৬২ জন এমপি ছিলেন, কারো বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ হয়নি এবং মামলাও হয়নি।
তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বৃহত্তম দল ছিল। সেই বিএনপি এখনো জনপ্রিয় হতে পারেনি। আর জনপ্রিয় হয়েছে জামায়াতে ইসলামী। এর প্রমাণ ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচন। ইউনিভার্সিটিগুলোর শিক্ষার্থীরা ছাত্রশিবিরকে বেছে নিয়েছে। আগামীর নির্বাচন হবে সত্যের পক্ষের নির্বাচন। গুণবতী ইউনিয়ন জামায়াতের আমীর মো. ইউসুফ মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মনজুর আহমেদ সাকির সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন চৌদগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন। বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আইয়ুব আলী ফরায়েজী, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহ, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইবরাহীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা মেশকাত উদ্দিন সেলিম, শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণের সাবেক অফিস সম্পাদক আবু সাঈদ মজুমদার, গুণবতী ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল হাই, শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, জগন্নাথদীঘি ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন, হেফাজতে ইসলাম গুণবতীর আমীর মাওলানা নিজাম উদ্দিন, গুণবতী বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আবদুর রাজ্জাক শাহীন, সনাতন ধর্মাবলম্বীর প্রতিনিধি বিপ্লব চন্দ্র দাস, গুণবতীর শহীদ সাহাব উদ্দিনের পিতা আবদুল হক, আ’লীগের হামলায় দু’চোখ হারানো শিবির কর্মী জহির উদ্দিন প্রমুখ।