ফ্যাসিস্ট আ’লীগ বাংলাদেশকে আধিপত্যবাদী ভারতের হাতে তুলে দিয়েছিল : এটিএম আজহারুল ইসলাম
২১ নভেম্বর ২০২৫ ১১:২৬
এনামুল হক, বদরগঞ্জ (রংপুর) : ফ্যাসিস্ট আ’লীগ দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য ও দমন-পীড়নের মাধ্যমে দেশকে হুমকির মুখে ফেলে এবং স্বাধীনতার পক্ষের শক্তির ভুয়া বুলি ছুড়ে আমাদের এ সুজলা সুফলা মাতৃভূমি বাংলাদেশকে আধিপত্যবাদী ভারতের হাতে তুলে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও মজলুম নেতা, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। গত শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বদরগঞ্জের ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের বড় বানিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, ‘ভারত আমাদের বড় বড় নদীগুলোর মুখে বাঁধ নির্মাণ করে দেশে কৃত্রিম সংকট তৈরি করছে। আজ দেশের কোটি কোটি মানুষ, জীববৈচিত্র্য ও পরিবেশকে হুমকির সম্মুখীন করেছে।’
তিনি আরো বলেন, ‘জনগণের ভোটে ক্ষমতা এলে জামায়াত দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়বে। আধিপত্যবাদীর হাত দেশকে রক্ষা করবে। দীর্ঘদিন অন্য প্রতীকে ভোট দিয়েছেন, তারা আপনাদের হতাশ করেছে। এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখুন আমরা আপনাদের আমানত কীভাবে রক্ষা করি। পুরোনো মার্কায় ভোট দিয়ে আবার ভুল করবেন না।’
এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের ছাত্র আন্দোলন কেবল ক্ষমতার পালাবদলের জন্য হয়নি, বরং দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের দাবি ছিল। অতীতে দেশ শাসন করা সরকার ফ্যাসিবাদী আচরণ করেছে, গুম-খুন, জ্বালাও-পোড়াও ও নির্যাতনের রাজনীতি চালিয়েছে। আবার যেন এর পুনরাবৃত্তি না ঘটে। সরকারকে গণভোট নিয়ে টালবাহানা না করার আহ্বান জানান জামায়াতের এ নেতা।
তিনি আরো দাবি করেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণে জামায়াত সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ২০২৫ সালের দুর্গাপূজায় দেশে একটি মন্দিরেও হামলার ঘটনা ঘটেনি। আমরা দল-মত-নির্বিশেষে দায়িত্ব পালন করেছি। অথচ আগের সরকার রাজনৈতিক ফায়দা নিতে হিন্দু মন্দিরে হামলার গল্প তৈরি করত। জামায়াত ক্ষমতায় এলে নারী, হিন্দুসহ দেশের ১৮ কোটি মানুষ নিরাপদে বসবাস করবে, ইনশাআল্লাহ। বদরগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শাহ্ মুহাম্মদ রোস্তম আলী, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মিনহাজুল ইসলাম, আদর্শ শিক্ষক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ শোয়াইবুর রহমান, জামায়াতের যুব বিভাগের সভাপতি মাসুদ হাসান রানা, ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী আব্দুল মাবুদসহ ইউনিয়নের নেতাকর্মী ও হাজারো সমর্থক উপস্থিত ছিলেন।