মোশাররফ হোসেন খানের কবিতা-এর কবিতা

মানব পর্ব-৩


২১ নভেম্বর ২০২৫ ১১:০৮

মনে হয় অন্ধকারে ছিলাম
ঘোরতর অন্ধকার

হঠাৎ চোখের ওপর কে যেন
ছড়িয়ে দিল আলোর দ্যুতি

আমি সবিস্ময়ে চোখ মেলে তাকিয়ে দেখি
গাঢ় ধোঁয়ার আচ্ছন্নতায় ঢেকে আছে
গোটা পৃথিবী

আমার দ্যুতি থেকে পৃথিবীকে
আলোকিত করতে চাইলাম

দেখলাম, দ্যুতির চেয়েও মানুষের আসক্তি বেদনায়
তার চেয়েও অনেক বেশি অন্ধকারের প্রতি

আমি সহসা মুখ ফিরিয়ে
নক্ষত্রের ধারাপাত ও
আকাশের আদি পঞ্জিকার পৃষ্ঠায়
চোখ রাখলাম

ঘ্রাণের অধিক ঘ্রাণশক্তি দিয়ে
ইন্দ্রিয়ের অধিক ইন্দ্রিয় শক্তি দিয়েও
পৃথিবী ও মানুষ পাঠের ব্যর্থতাকে
শেষ পর্যন্ত কবুল করলাম

এই বেদনার ভার ও গ্লানি বড়ই কষ্টের—-
এটা তোমাকে কীভাবে বোঝাই…!