দেশের মানুষ আজ ইসলামী সমাজ প্রতিষ্ঠার আকাক্সক্ষায় উজ্জীবিত -মাওলানা আবুল কালাম আজাদ
৬ নভেম্বর ২০২৫ ২০:৪৫
খুলনা সংবাদদাতা : অবহেলিত উপকূলীয় অঞ্চল কয়রা-পাইকগাছাবাসীর স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার মানোন্নয়ন এবং সুশাসনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দেশের মানুষ আজ ইসলামী সমাজ প্রতিষ্ঠার আকাক্সক্ষায় উজ্জীবিত। তিনি আরো বলেন, বর্তমান সমাজে ন্যায়, আদর্শ ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনার একমাত্র পথ হলো ইসলাম। ইসলামভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে বৈষম্যমুক্ত সমাজ গঠন সম্ভব হবে, ইনশাআল্লাহ। তিনি সকলকে ইসলামী সমাজ গঠনের মহান আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরো বলেন, জনগণ পরিবর্তন চায়, ন্যায় ও উন্নয়নের রাজনীতি চায়। কয়রা-পাইকগাছার মাটিতে ন্যায়, নৈতিকতা ও দেশপ্রেমের নতুন ধারা প্রতিষ্ঠা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনায় অবস্থানরত কয়রা-পাইকগাছাবাসীকে নিয়ে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সভাপতি এস এ মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগর আমীর ও খুলনা-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। আরো বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম প্রমুখ।
খুলনা-৬ আসনের এমপি প্রার্থী আরো বলেন, ‘আমি রাজনীতিতে এসেছি সেবার মানসিকতা নিয়ে। খুলনা-৬ আসনের উপকূলীয় অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগের যে দুর্বল পরিস্থিতি, তা আমাকে গভীরভাবে ব্যথিত করে। নির্বাচিত হলে মানসম্মত স্বাস্থ্যসেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সরকারি অর্থের সঠিক বরাদ্দ ও স্বজনপ্রীতিমুক্ত বণ্টন নিশ্চিত করা এবং আধুনিক অবকাঠামো নির্মাণ আমার প্রধান কাজ হবে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের এ মতবিনিময় সভাটিতে খুলনায় অবস্থানরত কয়রা-পাইকগাছার বিভিন্ন স্তরের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।