পঞ্চগড় আধুনিক হাসপাতালে ১০ লাখ টাকা অনুদান জামায়াতের
৬ নভেম্বর ২০২৫ ২০:৩৯
পঞ্চগড় সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, মানুষ একটি উত্তম জাতি। উত্তম জাতি হিসেবে ভালো কাজ করা প্রয়োজন। মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন।
তিনি বলেন, আল্লাহ রোগবালাই দিয়েছেন। তাই উত্তম কাজ হিসেবে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ১০ লাখ টাকার অনুদান দেয়া হলো। এটা জামায়াতের কাজ না, এটা মানবতার, মানবসেবার কাজ। এ কাজে আমাদের এগিয়ে আসতে হবে।
তিনি গত রোববার (২ নভেম্বর) পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে হলরুমে সংবাদ সম্মেলন করেন। এ সময় পঞ্চগড় জেলা আমীর সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসাইন, সিভিল সার্জন ডা. মো মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা মো. মফিজউদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসাইন, পঞ্চগড়-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মো. সাফিউল্লাহ সফিসহ অন্য দলের নেতারা উপস্থিত ছিলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, চিকিৎসা ছাড়া মানুষ সুস্থভাবে বাঁচতে পারেন না। তাই চিকিৎসার মানোন্নয়নে সবার আগে সাধারণ মানুষের কথা ভাবতে হবে। প্রতিদিন হাসপাতালে কয়েকশত রোগী চিকিৎসা নেয়ার জন্য আসে। কিন্তু ডাক্তার ও উন্নতমানের যন্ত্রপাতির অভাবে তারা সুন্দর চিকিৎসা সেবা পায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, আমীরে জামায়াত বাংলাদেশ ক্যান্সার হাসপাতালে রোগীর চিকিৎসা ও সেবার জন্য ১ কোটি টাকা অনুদান দিয়ে সহযোগিতা করেছেন। সে হিসেবে তাকে বলা হয় পঞ্চগড় হাসপাতালের করুণ অবস্থার কথা। এখানে কোনো ডাক্তার এসে থাকতে চায় না। ডাক্তার না থাকার কারণে রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানুষ রোগী নিয়ে দিনাজপুর, রংপুর এবং ঢাকা যাচ্ছে। অনেক রোগী রাস্তায় মারা যাচ্ছে। এ করুণ অবস্থা থেকে বাঁচার জন্য মানুষ যেন ঘরে বসে চিকিৎসা নিশ্চিত করতে পারেন, সে কথা বলা হয়েছে। তখন তিনি পঞ্চগড় আধুনিক হাসপাতালকে আধুনিক করার জন্য ১০ লাখ টাকার অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। তার অনুমতি নিয়ে মাওলানা আবদুল হালিম গত রোববার সকাল সাড়ে ৯টায় ১০ লাখ টাকার একটি চেক পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলীর মাধ্যমে পঞ্চগড় আধুনিক হাসপাতালে প্রদান করেন।
তিনি আরও জানান, আধুনিক হাসপাতালে, ডাক্তার, যন্ত্রপাতি ও চিকিৎসার যাবতীয় উপকরণ সরবরাহের নিমিত্তে স্বাস্থ্য সহায়ক তহবিল নামে একটি কমিটি গঠন করা হয়েছে। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমীর ইকবাল হোসাইনের মাধ্যমে ১০ লাখ টাকার একটি চেক দেয়া হলো। সহকারী সেক্রেটারি আ. হালিম ডিসি অফিস থেকে বের হয়ে পঞ্চগড় আধুনিক হাসপাল পরিদর্শনে যান। হাসপাতালে অবস্থানরত রোগীদের খোঁজখবর নেন।