ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

বদরগঞ্জে চাঁদাবাজিমুক্ত ব্যবসার প্রতিশ্রুতি এটিএম আজহারের


৩০ অক্টোবর ২০২৫ ১৮:১১

এনামুল হক, বদরগঞ্জ (রংপুর) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুরের বদরগঞ্জে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বদরগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে গ্রোয়ার্স মার্কেটে সভাটি হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
তিনি বলেন, ‘ব্যবসায়ীরা সমাজের স্পন্দন। তারা সচল থাকলে দেশ সচল থাকে। ব্যবসায়ীরা মানুষের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে সমাজের কল্যাণে ভূমিকা রাখে। এজন্য ব্যবসায়ী সম্প্রদায় আল্লাহর নিকট অধিক প্রিয়। নবী-রাসূলদের (সা.) অনেকেই ছিলেন ব্যবসায়ী। এমনকি শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) নবুয়্যতের পূর্বে একজন সফল ব্যবসায়ী ছিলেন।’
এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘আপনারা পরিশ্রম করে পরিবারের ভবিষ্যৎ গড়ছেন, অথচ কিছু অসাধু মহল রাতের অন্ধকারে চাঁদা আদায় করে আপনাদের কষ্টার্জিত অর্থ লুট করছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলেও আমাদের কেউ চাঁদাবাজি করবে না এবং কাউকেও চাঁদাবাজি করতে দেবো না। কেউ চাঁদা দাবি করলে সরাসরি আমাকে জানাবেন, প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। আপনারা যদি শান্তি ও নিরাপত্তা চান, তাহলে জামায়াতে ইসলামীকে ভোট দিন। আমি নিশ্চয়তা দিচ্ছি, ব্যবসায়ীরা নিরাপদে ও নির্ভয়ে ব্যবসা করতে পারবেন।’
অমুসলিমদের উদ্দেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ইসলাম উদার ধর্মনীতি লালন করে, কোনো ধর্মের ওপর জুলুম করার নীতি অনুসরণ করে না। ইসলামী আইন চালু হলে সকল ধর্মের মানুষ ইনসাফভিত্তিক সমমর্যাদা পাবে।
নিজ এলাকার জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আমি তিনবার এ আসন থেকে নির্বাচন করেছি। নির্বাচিত না হলেও আপনাদের পাশে ছিলাম। বেকার যুবকদের কর্মসংস্থান, সুপেয় পানির জন্য হাজার টিউবওয়েল, ফ্রি চিকিৎসা ব্যবস্থা, মসজিদে অজুখানা, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শীতার্তদের জন্য কম্বল বিতরণ করেছি। এবার সুযোগ দিলে আরো ব্যাপক উন্নয়ন করব, ইনশাআল্লাহ।’
সভায় আরো বক্তব্য দেন বদরগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শাহ্ মুহাম্মদ রোস্তম আলী, রংপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ব্যবসায়ী সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল হান্নান খান, বদরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মিনহাজুল ইসলাম, বদরগঞ্জ ছাত্রশিবির সভাপতি মুজাহিদুল ইসলাম ও যুব বিভাগের সেক্রেটারি আল আমিন। পৌর যুব জামায়াতের সেক্রেটারি শাহ্ মুহাম্মদ রাকিবুল হাসানসহ আরো অনেকে।
ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন প্রকৌশলী মদনলাল আগারওয়ালা। সভায় সভাপতিত্ব করেন বদরগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা মাহফুজুর রহমান এবং পরিচালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মাসুদ হাসান রানা।