পাবনা-২ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিনের ব্যাপক গণসংযোগ


৩০ অক্টোবর ২০২৫ ১৭:৫৬

পাবনা সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিন বিশাল মোটরসাইকেল গণসংযোগ করেছে। গত শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সুজানগর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রচারণার অংশ হিসেবে শত শত মোটরসাইকেল, মাইক্রোবাস ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি উপজেলার দুলাই বাজার থেকে শুরু হয়ে নাজিরগঞ্জ, মানিকহাট, এবং সাতবাড়িয়া এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অধ্যাপক হেসাব উদ্দিন বলেন, ‘জনগণ পরিবর্তন চায়। আমরা শান্তি, ন্যায়বিচার ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, ইনশাআল্লাহ, জনগণের ভোটে বিজয় অর্জন করে আমরা তা প্রমাণ করব। তিনি দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে তার উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. আব্দুল বাসেত খান, জেলা কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, বেড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুক-ই আযম, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর আমীর রফিকুল ইসলাম খান, সেক্রেটারি মকবুল হোসেন বকুলসহ উপজেলার যুব সমাজ ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এলাকাজুড়ে এ গণসংযোগ ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ কর্মসূচির মাধ্যমে জামায়াত প্রার্থী হেসাব উদ্দিন নিজের সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার প্রমাণ দিতে সক্ষম হয়েছেন। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাবনা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।