আটোয়ারী উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ


২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৪

মো. ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে আটোয়ারী উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্রসহ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যমতে, আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়নে মোট সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪০টি। মোট ভোট কক্ষের সংখ্যা ২২০টি। এর মধ্যে স্থায়ী ১৯৯টি ও অস্থায়ী ২১টি। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ১,১২,০২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫,৬,১৫০ ও মহিলা ভোটার ৫,৫,৮৭১ জন।
উপজেলা নির্বাচন অফিসার শাজাহান মানিক জানান, উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে ১নং মির্জাপুর ইউনিয়নে ৬টি ভোটকেন্দ্রে মোট ২০,৩৫৮ জন ভোটারের মধ্যে ১০,১৫৬ জন পুরুষ ও ১০,২০২ জন মহিলা ভোটার। ২নং তোড়িয়া ইউনিয়নে ৭টি ভোটকেন্দ্রে মোট ১৮,৭১১ জন ভোটারের মধ্যে ৯,৩৭৮ জন পুরুষ ও ৯,৩৩৩ জন মহিলা ভোটার। ৩নং আলোয়াখোয়া ইউনিয়নে ৮টি ভোটকেন্দ্রের মোট ২৩,০৭৫ জন ভোটারের মধ্যে ১১,৭৬৫ জন পুরুষ ও ১১,৩১০ জন মহিলা ভোটার। ৪নং রাধানগর ইউনিয়নে ৭টি ভোটেকেন্দ্রের মোট ২০,৩৩৫ জন ভোটারের মধ্যে ৯,৯৯৮ জন পুরুষ ও ১০,৩৩৭ জন মহিলা ভোটার। ৫নং বলরামপুর ইউনিয়নে ৬টি ভোটকেন্দ্রের মোট ১৪,৩২৪ জন ভোটারের মধ্যে ৭,০৯৭ জন পুরুষ ও ৭,২২৭ জন মহিলা ভোটার রয়েছে এবং ৬নং ধামোর ইউনিয়নে ৬টি ভোটকেন্দ্রের মোট ১৫,২১৮ জন ভোটারের মধ্যে ৭,৭৫৬ জন পুরুষ ও ৭,৪৬২ জন মহিলা ভোটার খসড়া তালিকাভুক্ত রয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের গত ৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখের প্রজ্ঞাপন নং-১৭.০০.০০০০.০২৫.২২.০৯০.২৪-৬৫৪ মূলে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানার পুনঃনির্ধারিত চূড়ান্ত তালিকা-২০২৫ অনুযায়ী বোদা পৌরসভার ৮ ও ৯ ওয়ার্ড অংশ বাদ হওয়ায় ‘সাতখামার ইসলামিয়া ফাজিল মাদরাসা, সাতখামার’ কেন্দ্রটি বিলুপ্ত এবং ‘উত্তর সাতখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষিদ্বার’ কেন্দ্রে বোদা পৌরসভার ‘উত্তর সাতখামার ৯নং ওয়ার্ড অংশ’ এলাকাটি বাদ দেওয়া হয়েছে। নির্বাচন অফিসার আরো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা গত ১০ সেপ্টেম্বর বুধবার প্রকাশ হয়েছে। প্রকাশিত সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর কারো কোনো দাবি/আপত্তি/সুপারিশ থাকলে তা আগামী ২৫ সেপ্টেম্বর অফিস চলাকালীন জেলা নির্বাচন অফিসার বরাবরে লিখিতভাবে দাখিল করতে হবে।