কুসিক-সওজ দ্বন্দ্বে থেমে আছে সড়ক উন্নয়ন দুর্ভোগ চরমে নগরবাসীর
৭ আগস্ট ২০২৫ ১৪:৫৩
রেজাউল করিম রাসেল, কুমিল্লা : কুমিল্লা নগরীর অন্যতম সড়ক টমচমব্রিজ থেকে মেডিকেল কলেজ সড়কে উন্নয়ন থমকে গেছে কুসিক ও সওজের দ্বন্দ্বে। গুরুত্বপূর্ণ এক সড়কে কাজ শুরু করেও মাঝপথে থেমে গেছে সংস্কার। এতে কাদা-পানিতে ভোগান্তিতে পড়েছেন পথচারী, শিক্ষার্থী আর রোগীবাহী যানবাহন। কুমিল্লা নগরীর অন্যতম এ সড়কটি বর্তমানে ভাঙাচোরা, কাদা আর পানি জমে চলাচলের অযোগ্য। জনদুর্ভোগ লাঘবে কুমিল্লা সিটি করপোরেশন সংস্কার শুরু করলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আপত্তিতে সেই কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায়। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের এ সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে গর্ত আর কাদা-পানিতে দুর্বিষহ হয়ে উঠেছে নাগরিকরা। সড়কটির মালিকানা নিয়ে কুসিক ও সওজের মধ্যে চলছে দখল-পাল্টা অভিযোগ। কুমিল্লা স্বপ্ন সুপার শপের কুমিল্লা এরিয়া ব্যবস্থাপক রায়হান মোস্তাফিজ আনসারী জানান, গত ২০ দিন আগে এ সড়কটি কাজ শুরু হয়। হঠাৎ দেখি কাজ বন্ধ হয়ে আছে। রাস্তা কেটে এভাবে ফেলে রাখা ঠিক না। এতে করে আমরা ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ক্রেতা গাড়ি পার্কিং করতে পারছে না। সরকারের কাছে আমাদের অনুরোধ খুব শিগগির এর একটি সমাধান করবে।
উত্তর আশ্রফপুর হালুয়াপাড়া মসজিদের মুসল্লি মাহবুবর রহমান জানান, রাস্তা কেটে ফেলায় আমাদের মসজিদে আসা-যাওয়ার সমস্যা হচ্ছে। বাসা থেকে অজু করে বের হলে আবার মসজিদের এসে অজু করতে হয়।
কাজী সায়খা নামে এক গৃহিণী বলেন, রাস্তাটি কেটে ফেলায় আমাদের বাসাবাড়িতে আসা-যাওয়া করতে সমস্যা হচ্ছে। বাসা বাড়িতে ময়লা জমে থাকে। রাস্তা কাটা থাকায় ময়লার গাড়ি আসে না। এতে করে পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা এর একটি সমাধান চাই।
ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বলেন, মেডিকেল কলেজের এ সড়কটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়কটির পাশে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। যেখানে ১২ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে। রাস্তাটি কেটে ফেলায় ছাত্র-ছাত্রীরা আসা-যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছে। ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতার মধ্যে রাস্তা পারাপার হচ্ছে। আমি সরকার এবং প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আহ্বান জানাই অতি দ্রুত একটি সমাধানের।