রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির বিবৃতি দুরভিসন্ধিমূলক : গোলাম পরওয়ার
৫ অক্টোবর ২০২৬ ১৯:৫৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির বিবৃতিকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত এবং দুরভিসন্ধিমূলক বলে এর প্রতিবাদ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার ৫ অক্টোবর সন্ধ্যায় এক বিবৃতিতে টিআইবির প্রদত্ত বিবৃতিতে জামায়াতকে জড়ানোর প্রতিবাদ করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে, যা গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে স্পষ্ট। তারপরও দায়িত্বশীল সংস্থা হিসেবে টিআইবির মিথ্যা বর্ণনামূলক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়ানো অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত এবং দুরভিসন্ধিমূলক। ঘটনার সাথে ন্যূনতম সম্পৃক্ততা না থাকলেও জামায়াতকে জড়িয়ে এই ধরনের বিবৃতি বিশ্বের ইতিহাসে বিরল। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সাংবাদিকদের পেশাদার যেকোনো কাজকে নির্বিঘ্নে সম্পাদনের পরিবেশ প্রত্যাশা করে। একই সঙ্গে কোনো গোষ্ঠী বা সন্ত্রাসী কর্তৃক তা বাধাগ্রস্ত হোক, কিংবা সত্য প্রকাশে বাধা অথবা হুমকির সম্মুখীন হবে- তা সমর্থন করে না, বরং প্রতিবাদে সোচ্চার ভূমিকা পালন করে। সুতরাং, জামায়াতকে নিয়ে টিআইবির মনগড়া তথ্যনির্ভর বিবৃতি দেয়া থেকে ভবিষ্যতে বিরত থাকা এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, জামায়াত দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে নাগরিকদের সুরক্ষা ও অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিভ্রান্তিমূলক তথ্য কিংবা ঘটনাকে ভিন্ন কালার দিয়ে আসল অপরাধীদের আড়াল করার কোনো চেষ্টা চব্বিশের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আর কল্পনার সুযোগ নেই, কারণ জনগণ জামায়াতসহ সকল রাজনৈতিক দলের নীতি আদর্শ ও কর্মকাণ্ড প্রত্যক্ষ করছে।