অভয়নগরে ব্যস্ততম সড়কে প্রয়োজন কালভার্ট, চিকন রডের ড্রেন বিপদ বাড়াবে!
৭ আগস্ট ২০২৫ ১৪:৫০
মফিজুর রহমান, অভয়নগর (যশোর): যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া-মনিরামপুর সড়কের দেবুর মিলসংলগ্ন এলাকায় ব্যস্ততম সড়কের মাঝখানে ড্রেন নির্মাণ করা হচ্ছে, যেখানে একটি পূর্ণাঙ্গ কালভার্ট প্রয়োজন ছিল বলে মনে করছেন এলাকাবাসী। ড্রেনটি চিকন রড দিয়ে নির্মাণ করা হচ্ছে, যা দীর্ঘস্থায়ী হবে না বলে আশঙ্কা করছেন পথচারী ও চালকরা। সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত ভারী যানবাহন, বাস, ট্রাক, পিকআপ, সিএনজি, মোটরসাইকেলসহ হাজারো মানুষ। এমন গুরুত্বপূর্ণ রোডে ড্রেন নির্মাণ পরিকল্পনাকে অনেকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। ট্রাকচালক রবিউল ইসলাম বলেন, ‘এই ড্রেন ৩০-৪০ টন গাড়ির চাপ সহ্য করতে পারবে না। কালভার্ট করলে ভালো হতো।’ এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনার শঙ্কা থেকে যাচ্ছে এবং ভবিষ্যতে এটি দ্রুত নষ্ট হয়ে জনদুর্ভোগ বাড়াতে পারে। এ প্রসঙ্গে ঠিকাদার কামাল হোসেন বলেন, ‘রোডের নকশা এমনই, রড যেমন আছে তেমনই থাকবে।’
পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম জানান, ‘ওপরের কার্পেটিং ঠিকঠাকভাবে করে দেওয়া হবে, কোনো সমস্যা হবে না।’ অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল জানিয়েছেন, ‘বিষয়টি যাচাই করে টেকসই সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।’ বিশেষজ্ঞদের মত, একটি টেকসই সড়ক ব্যবস্থায় ড্রেন এবং কালভার্ট- দুটিই অপরিহার্য। একটির বিকল্প আরেকটি হতে পারে না।