আলহামদুলিল্লাহ ভালো আছেন আমীরে জামায়াত

স্টাফ রিপোর্টার
৭ আগস্ট ২০২৫ ১৩:২১

স্টাফ রিপোর্টার: আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, খুব শিগগির দেশের জনপ্রিয় এ জননেতা সুস্থ হয়ে আবারও জনতার মাঝে ফিরে আসবেন। ডা. এসএম খালিদুজ্জামান জানিয়েছেন, আজকে (গত ৬ আগস্ট) আমীরে জামায়াত কেবিনের বাইরে হেঁটেছেন। আমরা আশা করি, অচিরেই তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবেন।
আমীরে জামায়াত নিজে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘সবকিছুর জন্য মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া- আলহামদুলিল্লাহ। যারা দেশ-বিদেশ থেকে দোয়া করেছেন, মহান আল্লাহ তাঁদের সবাইকে সুস্থ রাখুন এবং উত্তম জাজা দান করুন। আমিন।’
ডা. এসএম খালিদুজ্জামান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমীরের পূর্ণ বিশ্রামের প্রয়োজন রয়েছে। তাই কেবিনেও সাক্ষাৎকার বা ব্যক্তিগত সাক্ষাৎ একেবারেই নিষিদ্ধ। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে তিনি বলেন, সকলকে হাসপাতালে না এসে দোয়ার দরখাস্ত রইলো। এর আগে গত ৩ আগস্ট সকালে ডা. শফিকুর রহমানের অবস্থার উন্নতি হওয়ায় তার ভেন্টিলেটর খুলে দেওয়া হয়। একই দিন দুপুরে তিনি নিজে খাবার গ্রহণ করেন। গত ৫ আগস্ট তাকে সিআইসিইউ (কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তার সব ক্লিনিক্যাল প্যারামিটার এখন স্বাভাবিক রয়েছে। দলের শীর্ষনেতার সুস্থতার এ অগ্রগতিতে জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক দল ও সর্বস্তরের জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।