মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেয়ার অভিযোগে আটক
৩১ জুলাই ২০২৫ ১৫:১৩
রংপুর সংবাদদাতা: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেয়ার অভিযোগে রঞ্জন রায় (১৮) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
এ ঘটনায় রংপুর নগরীর রিট পলিটেকনিক ইনস্টিটিউট (জওঞ)-এর শিক্ষার্থীরা রঞ্জন রায়ের বিচারের দাবিতে গত ২৭ জুলাই রোববার দুপুরে নগরীতে বিক্ষোভ করেছে। গত ২৬ জুলাই শনিবার রাতে উপজেলার বেতগাড়ী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক রঞ্জন রায় গঙ্গাচড়া বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয়আনি গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে। তিনি রিট পলিটেকনিক ইনস্টিটিউট রংপুরের কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, “রঞ্জন রায় এলআরএম” নামের একটি ফেসবুক আইডি থেকে গত পাঁচ দিন ধরে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে- এমন একাধিক পোস্ট করছিলেন তিনি।
বিষয়টি পুলিশের নজরে এলে গঙ্গাচড়া মডেল থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে অভিযান চালিয়ে বেতগাড়ী এলাকা থেকে আটক করে। রংপুরের গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।