মাইলস্টোন ট্র্যাজেডি

প্রাণহানি বেড়ে ৩৫

স্টাফ রিপোর্টার
৩১ জুলাই ২০২৫ ১৪:৩৭

কারণ শনাক্তে আসছে চীনা তদন্ত
জরুরি চিকিৎসায় নিজস্ব সক্ষমতা নিয়ে প্রশ্ন
শনিবার চালু হতে পারে ক্লাস

স্টাফ রিপোর্টার: উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত এবং হতাহতের ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে কাউন্সেলিংয়ে অংশ নিচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় ইতোমধ্যে ৩৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। গত ২৯ জুলাই মঙ্গলবার পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী এখনো সংকটাপন্ন রয়েছেন তিনজন। আর চিকিৎসা শেষে অনেকেই বাড়ি ফিরেছেন। এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য চীন ও ভারত থেকে আনা হয়েছে চিকিৎসক দল। দুর্ঘটনা তদন্তে চীনা বিশেষজ্ঞরা ঢাকায় আসবেন বলে গত ২৮ জুলাই বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এদিকে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে ৯ সদস্যের একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ কমিশনকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শিক্ষার্থী-অভিভাবকদের কাউন্সেলিং
উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত এবং হতাহতের ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাটাতে বিমানবাহিনী এবং ব্র্যাক বিশেষ কাউন্সেলিং সেবা চালু করেছে। এ কাউন্সেলিং ইউনিটে প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ কাউন্সেলররা (পরামর্শদাতা) সেবা দিচ্ছেন। গত ২৯ জুলাই দুপুরে স্কোয়াড্রন লিডার ওয়ালিল্লাহিল বলেন, বিমানবাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্প গত ২৮ জুলাই সোমবার থেকে শুরু হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরু আরও এক দফা পিছিয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে ছুটি বাড়িয়ে ২ আগস্ট শনিবার পর্যন্ত সব ধরনের শিক্ষাকার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের সুরক্ষা ও মানসিক স্থিতি পুনঃস্থাপনই আমাদের মূল লক্ষ্য। তাই আবার ছুটি বাড়ানো হয়েছে। তবে ছুটির মধ্যেও প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।
জরুরি চিকিৎসা সক্ষমতা নিয়ে প্রশ্ন
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে সামরিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের পর দেশের চিকিৎসা ব্যবস্থা; বিশেষ করে ইমার্জেন্সি হেলথ রেসপন্স বা জরুরি স্বাস্থ্যসেবার সক্ষমতা নিয়ে প্রশ্নটি আবারও সামনে এসেছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে চিকিৎসা এবং হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। উত্তরার মাইলস্টোন স্কুলে ওই দুর্ঘটনার পর আশপাশের হাসপাতালগুলো ছিল হতাহতদের চিকিৎসার প্রাথমিক গন্তব্য। এরপর পরিস্থিতি বিবেচনায় তাদের বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় যে সময় লেগেছে, সেটি আহতদের ঝুঁকি বাড়িয়েছে কিনাÑ এ নিয়েও প্রশ্ন রয়েছে। এছাড়া পোড়া রোগীর চিকিৎসায় সংক্রমিত হওয়ার শঙ্কা থাকলেও হাসপাতালে রোগীর বিছানার পাশে দাঁড়িয়ে কয়েকজনের সেলফি তোলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জরুরি পরিস্থিতিতে হাসপাতালের বাইরে উৎসুক জনতার উপচেপড়া ভিড়কে প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই পুরো প্রেক্ষাপট জরুরি চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশের সামগ্রিক দুর্বলতাকে আবারও সামনে এনেছে। তাদের কেউ কেউ বলছেন, কেবল এ দুর্ঘটনা নয়, যেকোনো ইমার্জেন্সি রেসপন্স বা চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি এখনো বেসিক (প্রাথমিক) পর্যায়ে। অনেকেই মনে করছেন, এমন জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রস্তুতি বিশ্বমানের নয়।
৯ সদস্যের তদন্ত কমিশন গঠন
যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে ৯ সদস্যের একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশন বিমান বিধ্বস্তের কারণ, দায়দায়িত্ব, ক্ষয়ক্ষতির মাত্রা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় চিহ্নিত করবে। গত ২৭ জুলাই রোববার রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তদন্ত কমিশনকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব এ কে এম জাফর উল্লাহ খান। কমিশনে সদস্য হিসেবে রয়েছেন সাবেক সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল (অব.) এম সাঈদ হোসাইন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়য়ের অতিরিক্ত সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আশিকুর রহমান এবং আইনজীবী ব্যারিস্টার আশরাফ আলী। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এ তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা দেবে।