শাহ্ আলমের দাফন : জামায়াত নেতৃবৃন্দের শোক


২৪ জুলাই ২০২৫ ০৯:৫৫

রংপুর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী শাখার পেশাজীবী-২ সাংগঠনিক থানার ডিপ্লোমা কৃষিবিদ ফোরামের ওয়ার্ড সভাপতি প্রবীণ রুকন শাহ্ আলমের (৬৫) দাফনকার্য দ্বিতীয় জানাজা শেষে গত ২০ জুলাই রোববার দুপুরে তাঁর গ্রামের বাড়ি রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মোক্তারপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। প্রবীণ রুকন শাহ্ আলম গত শনবিার দুপুর ১২টায় ঢাকায় সোহরাওর্য়াদী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুপুরে তিনি সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে জাতীয় সমাবেশে অংশ নিয়ে অসুস্থবোধ করেন। সাথে সাথে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরহুম রুকন শাহ্ আলম স্ত্রী (যিনি মহিলা রুকন), ১ পুত্র, ১ কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ রুকন শাহ্ আলমের প্রথম জানাজা নামাজ গত রোববার সকাল সাড়ে ৮টায় নগরীর পর্যটনপাড়ায় সাতগাড়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
মরহুমের দ্বিতীয় জানাজা সকাল সাড়ে ১০টায় তার গ্রামের বাড়ি রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মোক্তারপাড়া গ্রামের হাফেজিয় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এসব জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান এবং জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাসহ স্থানীয় মুসল্লিবৃন্দ।
প্রবীণ রুকন মরহুম শাহ্ আলমের ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান এবং জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী এক শোকবাণীতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। নেতৃবৃন্দ তাঁর শোকাহত পরিবারকে ধৈর্যধারণ করার পরামর্শ দেন। তারা বলেন, মরহুম শাহ্ আলম ইসলামী আন্দোলনের একজন নিবেদিত দায়িত্বশীল ছিলেন।