পাইকগাছা-কয়রার প্রধান সড়ক যেন মরণ ফাঁদ


৫ জুলাই ২০২৫ ০৮:৩৭

মো. ফিরোজ আহমেদ, পাইকগাছা (খুলনা) : পাইকগাছা-কয়রা প্রধান সড়কে দেবদুয়ার থেকে বড়দাল ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কি.মি. পিচের রাস্তা খানাখন্দ সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। যেমন তেমন বৃষ্টিতে রাস্তার খানাখন্দে হাঁটুপানি জমায় পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে ওঠে। উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাখালী বাজার থেকে চাঁদখালী বাজার পর্যন্ত প্রায় ৬ কি.মি. মধ্যে ৩ কি.মি. সড়কের পিচ, পাথর, ইট, খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে সড়কে সৃষ্ট খানাখন্দে ময়লাযুক্ত পানি জমে থাকে। প্রতিদিন বাস, ট্রাকসহ শত শত যান্ত্রিক বাহন এ সড়কে চলাচল করে। যাতায়াত করে অসংখ্য পথচারী। খানাখন্দে নোংরা পানি জমে থাকায় পথচারীদের জামাকাপড় নোংরা হওয়ার পাশাপাশি মোটরসাইকেল, ভ্যানসহ যানবাহনে দুর্ঘটনা লেগেই আছে। সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মন্টু বলেন, এক দিন বৃষ্টি হলে রাস্তায় ময়লাযুক্ত হাঁটুপানি জমে য়ায়। যা শুকাতে মাসের পর মাস লেগে যায়। এ কারণে দুর্ঘটনা লেগেই থাকে।
স্থানীয় তোরাবালী খান জানান, রাস্তার এতই দুরবস্থা যে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। বলতে গেলে কোনো সন্তান সম্ভাবা মহিলাকে উপজেলা সদরের হাসপাতালে নিয়ে আসতে চাইলে রাস্তায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। নির্বাহী প্রকৌশলী, সওজ, খুলনা মো. তানিমুল হক জানান, সড়কের বেহাল দশার খবরটি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।