দীন কায়েমের জন্য শিক্ষার্থীদের সক্রিয় থাকতে হবে : -অধ্যাপক মুজিবুর রহমান
১০ এপ্রিল ২০২৫ ১২:১২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ছাত্র-ছাত্রীদের ইনসাফ প্রতিষ্ঠা ও দীন কায়েমের জন্য সচেতন ও সক্রিয় থাকতে হবে। বলিষ্ঠ নৈতিকতার ওপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে নীতি-নৈতিকতার সাথে ছাত্র-ছাত্রীদের বৈশ্বিক কর্মদক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।
গত ৮ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার মেইন ক্যাম্পাস ঢাকায় দাখিল পরীক্ষার্থী-২০২৫ ছাত্র-ছাত্রীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ট্রাস্ট ও গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. এম কোরবান আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন এবং বিশেষ অতিথি ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিবুল্লাহিল বাকী, মাদরাসার মুফাসসির জাকির হুসাইন শেখ, মুফাসসির আবুল কাসেম গাজী, দা স্কলার্স ফোরামের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, গভর্নিং বডির সদস্য কাজী আতিকুর রহমান, ছাত্র সংসদের ভিপি আব্দুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন মুহাদ্দিস আব্দুল গফফার মাক্কী, মুফতি মহিউদ্দিন, মুফতি শরিফুল ইসলাম, মিজানুর রশিদ, আহসান হাবীব, মাওলানা রেজানুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুস সামাদ, শাইখ আব্দুল জব্বারসহ মাদরাসার শিক্ষকবৃন্দ। অপর পাশে বালিকা ক্যাম্পাসে বালিকা ক্যাম্পাসের হলরুমে শিক্ষিকা এবং ছাত্রীদের প্যারালাল সেশন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি আরও বলেন, পরস্পর ভেদাভেদ ভুলে দীনি চেতনা নিয়ে ময়দানে সঠিক দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করতে হবে।
প্রধান আলোচক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেন, তা’মীরুল মিল্লাতের সুনাম-সুখ্যাতি দেশ-বিদেশে যেভাবে ছড়িয়ে আছে, তা ধরে রাখার জন্য ছাত্র-শিক্ষক-অভিভাবক এবং পরিচালনা পর্ষদসহ সকলকে আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি দীন কায়েমের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। ইখলাসের কোনো বিকল্প নেই। দুর্নীতি-অপরাধসহ যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে একজন ছাত্র-ছাত্রী জড়াবে না। অতীতে নকলমুক্ত পরীক্ষা দিয়ে মিল্লাতের ছাত্ররা যেভাবে সর্বোচ্চ রেজাল্ট করেছে আজও সেভাবে সকলকে প্রস্তুত হয়ে আখিরাতে নাজাতের জন্য নিজেদের তৈরি করতে হবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে আল্লাহর সাহায্য ও তাওফিক কামনা করতে হবে। সবসময় আখিরাতকে অগ্রাধিকার দিতে হবে। সময়ের সর্বোত্তম ও সর্বোচ্চ ব্যবহার করতে হবে। কারণ হাদীস শরীফে বলা হয়েছে, সময় এবং সুযোগ এ দুটি বিষয়ে অধিকাংশ মানুষ ধোঁকা খেয়ে থাকে। দুনিয়ার সফলতা ও পরীক্ষায় উত্তীর্ণের চেয়ে আখিরাতের স্থায়ী পরীক্ষা ও সফলতা তথা জান্নাত হাসিল করার লক্ষ্যে আমাদের সবচেয়ে বড় টার্গেট থাকা একান্ত জরুরি। এ লক্ষ্যে ‘ফিতরাত’ তথা আসল মানুষরূপে নিজকে গড়ে তোলার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।
তিনি আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহত; বিশেষ করে আমাদের মাদরাসার দাখিল পরীক্ষার্থী শহীদ আদিল ও শহীদ আলিফসহ সকলের জন্য দোয়া রইল এবং তা’মীরুল মিল্লাত প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত সকল উদ্যোক্তা ও দাতাসহ তা’মীরুল মিল্লাত পরিবারকে আল্লাহ তায়ালা কবুল করুন আমীন।
বিশেষ অতিথি বলেন, যোগ্য আলেমরূপে নিজেদের প্রমাণ দিয়ে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।
মাওলানা হেলাল উদ্দিন বলেন, আদর্শ জাতি গঠনের জন্য ছাত্রসমাজকে নৈতিক মানে উন্নত হয়ে দীন কায়েমে সচেষ্ট থাকতে হবে।
অনুষ্ঠান শেষে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের নিয়ে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদীন অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
রাজশাহীতে দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে অধ্যাপক মুজিব
গত ৬ এপ্রিল রোববার রাত ১২টার দিকে রাজশাহী মহানগরীর খড়খড়ি বাজার বাইপাস সড়কে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতের নেতাকর্মীদের দেখতে যান জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার রানিহাটি ইউনিয়নের এসব জামায়াত কর্মীর মধ্যে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন। অধ্যাপক মুজিব আহতদের সুচিকিৎসা প্রদানের জন্য চিকিৎসক ও মেডিকেল প্রশাসনের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেখা করে যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক প্রশাসন ইমাজ উদ্দিন মণ্ডল, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরীর সভাপতি শামীম উদ্দিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান সোহেল ও রাজশাহী জেলার প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মুহাম্মদ শহীদুল্লাহ্সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।