তাদের হাসিনার পরিণতি ভোগ করতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান


২৭ মার্চ ২০২৫ ১৬:২৭

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছন, যারা ভারতের ঘাড়ে সাওয়ার হয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন, তাদের বোধোদয় হওয়া উচিত- বিগত সময়ে যারা ভারতের মদদে ক্ষমতা আঁকড়ে ছিল, বাংলার জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত ভারতের মদদে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে দেশের জনগণ তাদেরও একইভাবে বিদায় করবে। তাদেরও ফ্যাসিস্ট হাসিনার পরিণতি ভোগ করতে হবে। স্বাধীন দেশের জনগণ কোনো ভিনদেশিদের হস্তক্ষেপ মেনে নেবে না।
গত ২৩ মার্চ রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে লাহেড়ী মোহনপুর রেলস্টেশন চত্বরে মোহনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নূরুল ইসলামের সঞ্চালনায় রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খানা আরো বলেন, মানুষের তৈরি আইন দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, গোটা পৃথিবীতে আজ মানুষে মানুষে মারামারি হানাহানি খুন খারাবি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ নব্য আইয়্যামে জাহেলিয়াতের কবল থেকে জাতি তথা গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে, শুধুমাত্র আল কুরআন। আল- কুরআনের আলোকে দেশ গড়তে সকল মুসলমান নাগরিকদের কুরআন বুঝতে হবে ।
রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ সিরাজী, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আ. বারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা সভাপতি বাবুল আকতার, দুর্গানগর ইউনিয়ন সভাপতি আশরাফুল আলাম (মুত্তালিব), জামায়াতের যুব বিভাগের উল্লাপাড়া উপজেলা সেক্রেটারি আল-আমিন হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।