ফিলিস্তিনের জনগণের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ
২৭ মার্চ ২০২৫ ১৬:২৬
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা: বিশ্বমাববতার শত্রু ইসরাইল ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত নজিরবিহীন সন্ত্রাসী হামলা ও ভারতে মুসলমানদের ওপর আগ্রাসনের প্রতিবাদে ঝিনাইগাতীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২২ মার্চ) বেলা ১১ টায় ঝিনাইগাতী বাজার ধানহাটি মোড়ে হেফাজতে ইসলামসহ সকল তাওহীদি জনতা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি খালিছুর রহমান। ঝিনাইগাতী উপজেলা শাখা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফয়জুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মাওলানা ছফির উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, সদর ইউনিয়ন শাখা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আবু রায়হান, উপজেলা হেফাজতে ইসলামের দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আমির হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইগাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, ধানশাইল ইউনিয়ন শাখা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফি, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আশরাফুল ইসলাম, উপজেলা শাখা নাগরিক কমিটির প্রতিনিধি মো. মানোয়ার হোসেন, ময়মনসিংহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো. লুৎফর রহমান লাজু প্রমুখ।
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: সংযম ও পবিত্র মাস মাহে রমজানে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী ও ভারতের নাগপুরে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের নাগরপুরের তাওহীদি জনতা।
গত ২১ মার্চ শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস নাগরপুর শাখার উদ্যোগে বাদ জুমা নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মসজিদের সামনে এসে শেষ হয়।
ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুরের সেক্রেটারি মাওলানা আল হেলাল ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস নাগরপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ আবু হুরাইয়ার যৌথ পরিচালনায় এ প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নাগরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম, নাগরপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম আমিনী, নয়ান খান মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ইলিয়াছ হোসেন।
পিরোজপুর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। গত শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা মিছিলটি পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিলাস চত্বর হয়ে পুরাতন পৌরসভার সামনে দিয়ে কৃষ্ণচূড়া মোড় হয়ে বড় মসজিদের পাশ দিয়ে গিয়ে অবকাশ মোড়ে (সরকারি মহিলা কলেজ) সমাপ্ত হয়।
মিছিলে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার জনতা বর্বর ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় ফিলিস্তিনের পতাকা পদদলিত করা হয়। মিছিল থেকে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা বন্ধের উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি বলেন, ইহুদিরা মুসলমানদের শত্রু। ইসরাইল তাদের পরামর্শদাতা আমেরিকার পরামর্শ নিয়েই ফিলিস্তিনে হামলা করেছে। তিনি বিশ্ব মুসলমানদের ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।
মিছিলে আরো অংশগ্রহণ করেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী সম্পাদক ড. আব্দুল্লাহীল মাহমুদ, পৌর আমীর ইসাহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখসহ জেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রমুখ। নেতৃবৃন্দের বক্তব্যের পরেই মিছিলটি বড় মসজিদ থেকে শুরু হয়ে অবকাশ মোড় গিয়ে শেষ হয়।
এদিকে জেলার ইন্দুরকানী উপজেলায় জুমার নামাজ শেষে ইন্দুরকানী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে থানা সড়কের মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল জলিল, ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন, জামায়াতে ইসলামীর ইউনিয়ন যুববিভাগের সেক্রেটারি নাঈম শেখ প্রমুখ। এছাড়া জেলার ভাণ্ডারিয়া উপজেলা, মঠবাড়িয়া, কাউখালি, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামী ও স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেন।
কিশোরগঞ্জ সংবাদদাতা: ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা। গত শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ঐতিহাসিক শহীদী মসজিদে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী মোড়ের বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে কালীবাড়ী মোড়ের বিজয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের বক্তারা বলেন, মানবতার চিহ্নিত দুশমন ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে।
এ সময় জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, সেক্রটারি ফকির মাহবুবুল আলম, অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
এদিকে একই সময়ে একই দাবিতে সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সংবাদদাতা : যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। গত শুক্রবার (২১ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর থেকে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে শেষ হয়। পরে বিক্ষোভ পরবর্তী সমাবেশে সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মো. মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের ইসলাম ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর সেক্রেটারি সাবেক শিবিরের সভাপতি খোরশেদ আলম, সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আবু তালেব ও আনিছুর রহমান, সাতক্ষীরা শহর শাখার অফিস সম্পাদক নূরুন্নবী, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন মিছিল পরবর্তী সমাবেশে বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সহস্রাধিক ঘুমন্ত ও সাহরিরত ফিলিস্তিনি ভাই-বোনকে হত্যা করেছে ইসরাইল। বিশ্বমানবতার এ দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরাইলকে বিচারের মুখোমুখি করতে হবে।
নীলফামারী সংবাদদাতা : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে নীলফামারীর ডোমারে সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ডোমার উপজেলা শহরের বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাটার মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে ছাত্র প্রতিনিধি অর্ণব আলিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা মন্জুরুল ইসলাম আফেন্দী, ডোমার বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম প্রমুখ।
সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত স্বাধীনতার দাবিতে সংহতি প্রকাশ করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ : যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টায় আন্দরকিল্লা জামে মসজিদ উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বিক্ষোভ মিছিল চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে মিলিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে জেগেছে রে জেগেছে বিশ্ব মুসলিম জেগেছে, বিশ্বের মুসলিম এক হও লড়াই কর, বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ফিলিস্তিনে হামলা চলবে না, বিশ্ব মুসলিম ঐক্য গড় ফিলিস্তিনকে রক্ষা কর, ইত্যাদি স্লোগান দেয়া হয়।
বিক্ষোভ মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসেই গাজায় ইসরাইলি বাহিনীর আবারো গণহত্যা শুরু করেছে। মানবতার দুশমন ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ ৪ শতাধিক লোককে হত্যা করেছে। রাতের অন্ধকারে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর ইসরাইলের বর্বর আক্রমণ পরিকল্পিত গণহত্যা, যা বিশ্বমানবতার জন্য লজ্জাজনক।
নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দুর্নীতি ও অপশাসনের কারণে নিজ দেশেই রোষানলে পড়েছে নেতানিয়াহু। ধার্মিক ইহুদিরা পর্যন্ত যায়নবাদী সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর ছিদ্দিক, হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমি, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল। প্রেস বিজ্ঞপ্তি।
রংপুর সংবাদদাতা : ফিলিস্তিনে ইসরাইলি নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার বিক্ষোভ এবং সমাবেশ গত ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী ও আল আমীন হাসান, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, জেলা সহকারী সেক্রেটারি মোস্তাক আহমেদ, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট কাওছার আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, কোতোয়ালি থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ।
বরিশাল সংবাদদাতা : ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২০ মার্চ বৃহস্পতিবার নগরীর টাউন হল চত্বর থেকে মিছিল শুরু হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, গির্জা মহল্লা ঘুরে সদর রোড এসে শেষ হয়।
মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় মিছিলপূর্ব সমাবেশে আর বক্তব্য রাখেন মহানগরীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, বিমানবন্দর থানা আমীর অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, বরিশাল মহানগর শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম, কোতোয়ালি উত্তর থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা আমীর মোস্তাফিজুর রহমান।
সভাপতির বক্তব্যে মহানগর আমীর বলেন, শতাব্দীকাল ব্যাপী ইজরাইল ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এবারও রমজান মাসে কাপুরুষের মতো নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে ৪০০ শতাধিক নারী শিশু হত্যা করেছে।
গাজীপুর সংবাদদাতা : গত ২০ মার্চ বৃহস্পতিবার বাদ জোহর যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি মহানগর জামায়াত আমীরের নেতৃত্বে জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শিববাড়ী মোড় হয়ে জয়দেবপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে মহানগর সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় নিরপরাধ গাজাবাসী ফিলিস্তিনিদের ওপর এ বর্বর হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান ও মো. হোসেন আলী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সালাহউদ্দিন আইয়ুবী প্রমুখ।