কুরআনেই সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে : মাওলানা আবদুল হালিম
২৭ মার্চ ২০২৫ ১৬:২৪
রংপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, আল কুরআনের বিধান মেনে চলার মধ্যেই ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে।
তিনি গত ২১ মার্চ শুক্রবার নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মাওলানা আবদুল হালিম বলেন, পবিত্র কুরআনভিত্তিক নৈতিক শিক্ষার অভাবেই আজ সমাজে খুন, ধর্ষণসহ নানা নৈরাজ্য বিরাজ করছে। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের এ প্রত্যাশা পূরণ করা সম্ভব। তিনি বলেন, মাহে রমজানের শিক্ষা নিয়ে নিজেদের গড়তে পাড়লে সুখী-সমৃদ্ধশালী দেশ গড়া সম্ভব। এজন্য সকল ভেদাভেদ ভুলে দেশপ্রেমিক সকল দলের ঐক্য গড়ে তুলতে হবে। তিনি দেশে খুন-ধর্ষণের বৃদ্ধির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর হলে এর প্রবণতা রোধ হবে। নির্যাতিতদের কল্যাণের চেতনা নিয়ে আছিয়ার পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এ সময় জামায়াতের রংপুর মহানগর সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী ও আল আমীন হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট কাওছার আলী, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, কোতোয়ালি থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।