অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচন দিতে হবে — মিয়া গোলাম পরওয়ার
২৭ মার্চ ২০২৫ ১৫:৩৪
গত ২৬ মার্চ বুধবার নিজস্ব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার – আবদুল আজিজ ফারুকী
সোনার বাংলা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত। গত বুধবার (২৬ মার্চ) দুপুরে পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমানুষের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচন দিতে হবে। অন্যথায় পূর্বের মতো বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহায়তা করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের মতো করেই কথা বলছেন ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশ নেয়াদের কেউ কেউ।