মাফিয়াতান্ত্রিক ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মুহাম্মদ রেজাউল করিম
২৯ নভেম্বর ২০২৪ ০০:০০
শহীদ ডা. ফয়েজসহ সকল শহীদের রক্তস্নাত পথ ধরে আওয়ামী বাকশালীদের রাজনীতি থেকে চিরতরে বিদায় ও মাফিয়াতান্ত্রিক ষড়যন্ত্র মোকাবিলায় দলমত-নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। গত ২৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ইউনিয়ন পরিষদ মাঠে ৭নং বশিকপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আমীর মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাকির হোসাইনের সঞ্চালনায় সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা শাখার আমীর এস ইউ এম রুহুল আমীন ভূঁইয়া। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন মু. ইরনবী, সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার মনিনুল হক, লক্ষ্মীপুর সদর উপজেলা আমীর মাওলানা হুমায়ন কবির, নায়েবে আমীর মো. আলমগীর হোসেন, সেক্রেটারি ফয়েজ আহমদ, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন পাটোয়ারি ও শূরা সদস্য মাওলানা মোরশেদ আলম প্রমুখ।
ড. রেজাউল করিম বলেন, ছাত্র-জনতার বিপ্লবের প্রায় চার মাস হলেও পতিত স্বৈরাচারের প্রতিভূদের বিচারের ক্ষেত্রে আশাবাদী হওয়ার মতো কোনো অগ্রগতি নেই, বরং তারা অর্জিত বিজয়কে নস্যাৎ ও বিতর্কিত করার জন্য নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা কখনো আনসারের ছদ্মবেশে, কখনো সংখ্যালঘুর ছদ্মাবরণে; আবার কখনো পরীক্ষার অকৃতকার্য শিক্ষার্থীদের ব্যানারে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। সবকিছুতে ব্যর্থ হয়ে তারা এখন নতুন করে ভিন্ন আঙ্গিকে ষড়যন্ত্র শুরু করেছে। তাই এ মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য কোনোভাবেই কালক্ষেপণ করার সুযোগ নেই। তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।