রাজশাহীতে কালচারাল লিডারশিপ ওয়ার্কশপ

সাংস্কৃতিক আগ্রাসন অব্যাহত, মুক্তির জন্য কর্মীদের সক্রিয় হতে হবে: রফিকুল ইসলাম খান এমপি


২৬ অক্টোবর ২০২৬ ১১:২০

প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি

‘স্বর্ণালী সম্ভারে জীবন সাজাই’ প্রতিপাদ্যে দিনব্যাপী আঞ্চলিক কালচারাল লিডারশিপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে। এতে সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলা, অপসংস্কৃতির চ্যালেঞ্জ, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন পরিচালনা এবং দক্ষ নেতৃত্ব তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। কর্মশালায় সাংস্কৃতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টায় রাজশাহী নগরের বড়কুঠি এলাকার মসজিদ মিশন একাডেমি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ, রাজশাহী অঞ্চলের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে রাজশাহী অঞ্চলসহ বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সংসদে বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিগত দেড় দশকে ফ্যাসিবাদী শক্তি প্রতিবেশী দেশের সহযোগিতায় সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে কালচারাল ফ্যাসিজম কায়েম করেছিল। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্র উৎখাত হয়েছে। তবে সাংস্কৃতিক বিজয় এখনো আসেনি; সাংস্কৃতিক আগ্রাসন অব্যাহত রয়েছে। তিনি বলেন, সাংস্কৃতিক মুক্তি অর্জন করতে হলে প্রতিটি সাংস্কৃতিক কর্মীকে নিজ নিজ এলাকায় আরও সক্রিয় ও বিপ্লবী ভূমিকা পালন করতে হবে।
কর্মশালার শুরুতে উদ্বোধনী পর্বের পর পবিত্র কোরআনের সূরা আশ-শুআরার ২২৪-২২৭ নম্বর আয়াতের আলোকে দারসুল কোরআন উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও রাবি আইকউিএসির এডিশনাল ডাইরেক্টর ড. মো. কামাল উদ্দীন।

‘অপসংস্কৃতির চ্যালেঞ্জ ও তা মোকাবিলায় আমাদের করণীয়’ বিষয়ে আলোচনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ, রাজশাহী মহানগরের সেক্রেটারি, কবিতা বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক রাবি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। ‘সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা, পরিচালনা ও নেতৃত্ব তৈরি’ বিষয়ে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম। ‘একটি সফল অনুষ্ঠান আয়োজনে করণীয়’ বিষয়ে আলোচনা করেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ও প্যানভিশন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব মুকুল। ‘সাহিত্য-সাংস্কৃতিক কর্মীদের আনুগত্য ও মুহাসাবা’ বিষয়ে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ গণমানুষের নেতা মাওলানা আবুযর গিফারী।
কর্মশালায় বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দুপুরে সালাত ও আপ্যায়নের বিরতির পর প্রশ্নোত্তর পর্বে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। এ পর্বে অধ্যাপক রফিকুল ইসলাম, ড. মাওলানা কেরামত আলী, অধ্যাপক আবদুল খালেক, ড. মীর নূরুল ইসলাম, মাওলানা আবুযর গিফারী, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
দেশীয় সাংস্কৃতিক সংসদ, রাজশাহী অঞ্চলের পরিচালক হোসাইন আহমদের তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বাস্তবায়ন কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল এবং সহকারী পরিচালক ছিলেন ড. নাজিব ওয়াদুদ। দিনব্যাপী কর্মশালার শেষ পর্বে এহতেসাব ও সমাপনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

 

সংস্কৃতি ও বিনোদন

সম্পর্কিত খবর