এমি অ্যাওয়ার্ডসে মনোনীত আল জাজিরার প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৪
বাংলাদেশের ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান ও তৎকালীন শেখ হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহের তাণ্ডব ও রাজনৈতিক ঘটনাবলী নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ সম্মানজনক ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছে। আল জাজিরা ইংলিশের ইনভেস্টিগেটিভ ইউনিটের (আই-ইউনিট) তৈরি এই অনুসন্ধানী প্রামাণ্যচিত্রটি ২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে স্থান করে নিয়েছে।
আন্তর্জাতিক মঞ্চে এই ক্যাটাগরিতে বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি আল জাজিরার এই প্রামাণ্যচিত্রটির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে ফ্রান্স, যুক্তরাজ্য ও ব্রাজিলের আরও তিনটি বিখ্যাত প্রযোজনা। আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এক জমকালো আয়োজনের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে আল জাজিরার আই-ইউনিট এই আলোচিত প্রামাণ্যচিত্রটি প্রকাশ করে। এতে গোপন ফোনালাপ, ফাঁস হওয়া স্পর্শকাতর নথি এবং আন্দোলন চলাকালীন প্রত্যক্ষদর্শীদের লোমহর্ষক সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সরকারের পতন ও তার শেষ মুহূর্তের সিদ্ধান্তগুলোর চিত্র ফুটিয়ে তোলা হয়। প্রামাণ্যচিত্রে আবু সাঈদ হত্যাকাণ্ড, দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশসংক্রান্ত চাঞ্চল্যকর অডিও রেকর্ডও অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন বিনোদনভিত্তিক সাময়িকী ভ্যারাইটি-এর এক প্রতিবেদন এবং প্রামাণ্যচিত্রটিতে কাজ করা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়েরের বরাতে এই আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।বাংলাদেশের কোনো গল্পের ইন্টারন্যাশনাল এমিতে পৌঁছানোর ঘটনা বিরল। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, এর আগে ২০০৪ সালে বাংলাদেশের কিশোরদের নির্মিত প্রামাণ্যচিত্র ‘আমরাও পারি’ বিশেষ ইন্টারন্যাশনাল এমি সম্মাননা পেয়েছিল। এটি নির্মাণ করেছিল বাংলাদেশি কিশোরদের একটি দল এবং প্রামাণ্যচিত্রটি প্রচার করেছিল এটিএন বাংলা।
‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’-এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই মনোনয়ন বাংলাদেশের আরও অনেক প্রতিভাবান সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতার কাজকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর পথ কিছুটা সহজ করবে।
প্রামাণ্যচিত্রটি নির্মাণের সঙ্গে যুক্ত আল জাজিরার আই-ইউনিটের সহকর্মী এবং পর্দার আড়ালে কাজ করা প্রত্যেককে ফেসবুক পোস্টে ধন্যবাদ জানানান জুলকারনাইন সায়ের। সত্যনিষ্ঠভাবে ঘটনাগুলো তুলে ধরতে তাদের সম্মিলিত প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।
আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট নির্মিত একটি বহুল আলোচিত অনুসন্ধানী তথ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’, যার প্রধান অনুসন্ধানী সাংবাদিক বা ইনভেস্টিগেটর হলেন জুলকারনাইন সায়ের খান।
মনোনয়নের খবর জানিয়ে জুলকারনাইন ফেসবুকে জানান, এই স্বীকৃতি বাংলাদেশের মানুষের। বিশেষ করে ওই ৩৬ দিন যারা নিজেদের জীবন দিয়ে পার করেছেন শিক্ষার্থী, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি এই সম্মান উৎসর্গ করা হয়েছে। একই সঙ্গে যারা ওই সময় প্রাণ হারিয়েছেন, তাদেরও স্মরণ করা হয়েছে। জুলকারনাইন বলেন, অনেক মানুষ ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তাদের অভিজ্ঞতা ও সাক্ষ্য তুলে ধরেছেন। তাদের সেই সাহস ও আস্থার কারণেই এই চলচ্চিত্রের গল্প বিশ্বমঞ্চে পৌঁছেছে। আগামী ২৩ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের এবারের আয়োজন।