শহীদদের রক্ত মজলুমের বিজয় নিশ্চিত করবে
২২ জুলাই ২০২৬ ১৫:০৫
পিরোজপুর সংবাদদাতা : জুলাই আন্দোলনে নিহত এমদাদুল হকের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে গত ২০ জুলাই পিরোজপুরের একটি মিলনায়তনে স্মৃতিচারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক। শহীদ এমদাদুলকে নিয়ে স্মৃতিচারণে তিনি বলেন, শহীদদের রক্ত ফ্যাসিবাদের মসনদ ভেঙে মজলুমের বিজয় নিশ্চিত করবে।
জহিরুল হক আরও বলেন, ২০২৪ সালের ২০ জুলাই ঢাকার রামপুরা এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এমদাদুল হক। পরদিন ২১ জুলাই সকাল ৯টায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া বাজার কেন্দ্রীয় ঈদগাহে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ধাওয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের তৎকালীন খতিব মাওলানা আশরাফ আলী ডাকুয়া।
তিনি বলেন, ২০ জুলাই রাতে কেন্দ্রীয়ভাবে এমদাদুল হকের মৃত্যুর খবর পাওয়ার পর বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে তিনি নিশ্চিত হন যে তার বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নে। এরপর স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করে গোসল, কাফন, দাফন ও জানাজার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। তিনি দাবি করেন, সে সময় চলমান কারফিউ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ঝুঁকি সত্ত্বেও তিনি পিরোজপুর থেকে ভাণ্ডারিয়ায় জানাজায় অংশ নিতে রওনা হন এবং পথে একাধিক পুলিশ চেকপোস্ট অতিক্রম করে এমদাদুল হকের বাড়িতে পৌঁছান। জহিরুল হক আরও জানান, জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজার আগে তিনি, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলা আমীর মাওলানা আমির হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা মোফাজ্জল হোসেনসহ অন্যরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এদিন ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের কার্যালয়ে এমদাদুল হকের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান করে উপজেলা জামায়াত।