এনসিপির পদযাত্রায় ছাত্রদলের হামলা, সারজিস ও পাটওয়ারী আহত
২৯ জুলাই ২০২৬ ২১:১৬
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে গাড়িবহরে হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।
গত ২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের থানা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা রাজধানীর বাংলামোটরে রাতে বিক্ষোভ মিছিল করেন। এছাড়া হবিগঞ্জে এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনার পর গত বুধবার (২৯ জুলাই) মৌলভীবাজারের পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করে হামলার প্রতিবাদে হবিগঞ্জেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নেয় দলটি। ওই কর্মসূচিতে অংশ নিতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এমপিসহ কেন্দ্রীয় নেতারা যাবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
এদিকে হবিগঞ্জে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিও। ফলে হবিগঞ্জের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। গত বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন।
গত মঙ্গলবার হামলার ঘটনার একপর্যায়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখা হয়। রাত ৮টায় তাদের পুলিশ উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।
ছাত্রদল ও যুবদলের ‘সন্ত্রাসী বাহিনী’ আক্রমণ করেছে অভিযোগ করে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমাদের কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে।’ তিনি বলেন, ‘হামলাকারীরা ক্যামেরা ও ফোন ছিনিয়ে নিয়ে গেছে। এমনকি একজন কর্মীর চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। জেলা সেক্রেটারি এক কর্মীকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আহত সাত-আটজন ভাইকে নিয়ে যখন সদর হাসপাতালের দিকে চিকিৎসার জন্য যাওয়া হচ্ছিল, তখন হাসপাতালের গেটে পুনরায় আক্রমণ করে তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়।’
সারজিস আরো বলেন, ‘হামলার সময় পুলিশ সামনে থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরং দাঁড়িয়ে থেকে নাটক দেখেছে।’
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় গত মঙ্গলবার বিকেলে হামলার ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করে এনসিপি। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। আহত হন এনসিপির অন্তত ১০ নেতাকর্মী। গত মঙ্গলবার বিকেলে জেলা শহরের সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লেখেন, ‘হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে অতর্কিত ও সশস্ত্র হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হয়েছেন। দুর্ভাগ্যবশত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই হামলা হয়েছে’।