দেশে ডেঙ্গু ও হাম পরিস্থিতি উদ্বেগজনক
২৯ জুলাই ২০২৬ ২১:০৪
চলতি মৌসুমে ডেঙ্গুতে ৪৭ এবং হাম ও উপসর্গে প্রাণহানি ৮২৮
স্টাফ রিপোর্টার : দেশে ডেঙ্গু ও হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৮ জুলাই মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় (২৭ জুলাই সকাল ৮টা থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও তিনজন এবং হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জন এবং হাম ও এর উপসর্গে প্রাণহানি দাঁড়িয়েছে ৮২৮ জনে। আর একদিনে বা ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।
গত ২৮ জুলাই মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ জুলাই সোমবার সকাল ৮টা থেকে ২৮ জুলাই মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫১২ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৬ জনে। চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছে ৪৭ জন। এর মধ্যে চলতি জুলাই মাসেই মৃত্যু হয়েছে ২৯ জনের। এছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন, খুলনা বিভাগে ৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছে।
অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৭ জুলাই সোমবার সকাল ৮টা থেকে ২৮ জুলাই মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৭৯৯ শিশু।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৫ জন এবং হামের উপসর্গে ৭৩৩ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, একই সময়ে দেশে মোট ১ লাখ ২৫ হাজার ৫৫২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম সংক্রমণ রোধে শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করতে হবে এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।