হাতিয়ায় নদীভাঙন রোধে টেকসই ব্লকবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন


২২ জুলাই ২০২৬ ১৪:৫১

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : তীব্র নদীভাঙনের গ্রাস থেকে নিজেদের জন্মভূমিকে রক্ষা এবং জরুরি ভিত্তিতে টেকসই ব্লকবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে হাতিয়া উন্নয়ন ফোরাম। গত ১৭ জুলাই শুক্রবার বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের সমন্বয়ক ছাত্রনেতা আবদুল ওহাব বাবুলের পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে আবেগঘন বক্তব্য রাখেন হাতিয়া উন্নয়ন ফোরামের সভাপতি ও সাবেক ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেন, হাতিয়া এ দেশের মানচিত্রে এক অনন্য ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। কিন্তু নদীভাঙন যেভাবে এই প্রাচীন দ্বীপকে গিলে খাচ্ছে, তাতে দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে দেশের মানচিত্র থেকেই হাতিয়া হারিয়ে যাবে। আমরা আর কোনো মিথ্যা আশ্বাস বা কালক্ষেপণ দেখতে চাই না। সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে আমাদের আকুল আবেদন- মানবিক দিক বিবেচনা করে অতি দ্রুত হাতিয়াকে রক্ষায় স্থায়ী ব্লকবাঁধের মেগা প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করুন। মানববন্ধনে শিক্ষক, আইনজীবী,ব্যবসায়ী সাধারণ কৃষক ও জেলেসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।