ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত দেশ গড়াই আমার প্রত্যয় – এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
১৯ নভেম্বর ২০২৬ ১৩:৩৯
আমার প্রত্যাশা হচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাক। তবে বাংলাদেশ অনেক রক্ত দিয়েছে। এগিয়ে যাওয়ার বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্র বিভিন্নভাবে আহত হয়েছে। আর্থসামাজিক ক্ষেত্রেও বিশেষভাবে চরিত্রের সংকট আমাদের বাধাগ্রস্ত করেছে। এই দেশের মানুষ খুবই মেধাবী। আমাদের তরুণ প্রজন্ম অনেক মেধাবী। বরিশালের একজন নাগরিক হিসেবে আমি বলতে চাই, আমরা এই সুযোগগুলো কাজে লাগাতে চাই। মেধাকে ইতিবাচক রাজনীতির মধ্য দিয়ে কাজে লাগাতে চাই। গণতন্ত্র, মানবাধিকার, পরমতসহিষ্ণুতা ও সহমর্মিতার জায়গাগুলো নিশ্চিত করার চেষ্টা করে যেতে চাই।
বর্তমান বিএনপি সরকার সুযোগের অপেক্ষায় রয়েছে। তারা বিরোধীদল বা অন্য প্রতিপক্ষকে দুর্বল অবস্থানে রেখে নির্বাচনে সুবিধা নিতে চায়। দেশের জনগণ এটি বুঝে গেছে। সাপ্তাহিক সোনার বাংলার বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
সাক্ষাৎকার নিয়েছেন সোনার বাংলার সহ-সম্পাদক আবু জায়েদ আনসারী।
সাক্ষাৎকারে এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল নিজের রাজনৈতিক জীবনের নানা দিক, ছাত্ররাজনীতি, ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, নানা প্রতিকূলতা এবং দায়িত্বশীলদের সাথে স্মৃতিচারণ করেছেন। তরুণ প্রজন্মের প্রতি প্রত্যাশা, দেশ ও জাতিকে নিয়ে স্বপ্ন এবং বরিশাল সিটিকে নিয়ে নিজের স্বপ্নগুলো তুলে ধরেছেন। পাঠকদের জন্য পুরো সাক্ষাৎকারটি তুলে ধরা হলো—
সোনার বাংলা : নিজের এলাকা, দেশ ও দল নিয়ে আপনার প্রত্যাশা, পরিকল্পনা এবং ভাবনা কী? বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো বড় সংগঠনের দায়িত্বশীল হিসেবে আপনার অনুভূতি কী?
মুয়াযযম হোসাইন হেলাল : আল্লাহর বান্দা হিসেবে দুনিয়ায় আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। সে হিসেবে দায়িত্ব ও কর্তব্য হচ্ছে আল্লাহর দীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়া ও সমাজ বিনির্মাণের কাজটি করা। ছাত্রজীবন; এমনকি স্কুলজীবন থেকেই সংগঠনের সাথে সম্পৃক্ত। সেই যুক্ত হওয়ার পর থেকে যে অনুভূতি নিয়ে কাজ করছি, আজও নিজেকে একজন সাধারণ ইসলামী আন্দোলনের কর্মী হিসেবেই মনে করি। আজকের দায়িত্ব পালনের কারণে জবাবদিহির দায়িত্ব অনেক বেশি। বড় পরিসরে দীনের দাওয়াত দেয়ার কাজ করার সুযোগ নিতে পারছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, সাহায্য চাই, সকলের কাছে দোয়া চাই।
সোনার বাংলা : স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপর হয়তো সিটি করপোরেশন নির্বাচন দেবে। এক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কী?
মুয়াযযম হোসাইন হেলাল : নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। তবে সিটি করপোরেশন নির্বাচনের রোডম্যাপটি এখনো স্পষ্ট করেনি। আগামী ২০২৭ সালের মে মাস পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর অন্যান্য নির্বাচনও দিতে পারে বলে বোঝা যাচ্ছে। আবার বিষয়টি এখনো স্পষ্ট নয়।
একটি গণতান্ত্রিক পরিবেশে স্থানীয় নির্বাচন অবশ্যই দিতে হবে। নির্বাচনের একটি বাধ্যবাধকতাও রয়েছে। তবে সরকার সুযোগের অপেক্ষায় আছে, যাতে বিরোধীদল বা অন্য প্রতিপক্ষকে দুর্বল অবস্থানে রেখে নির্বাচনে সুবিধা নিতে পারে। দেশের জনগণ এটি বুঝে গেছে। তারপরও নির্বাচন দিতে হবে। আমরা আশা করছি, ইনশাআল্লাহ নির্বাচন হবে এবং সেই প্রস্তুতি নেয়ার কাজটি আমাদের চলছে। বরিশালসহ দেশের সব জায়গায় আমাদের প্রস্তুতি চলছে।
সোনার বাংলা : বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে। বরিশালকে নিয়ে আপনার ভাবনা কী? আপনার দৃষ্টিতে বরিশাল সিটির মৌলিক সমস্যা ও সম্ভাবনা কী? নির্বাচিত হলে কোন কাজগুলোকে প্রাধান্য দেবেন?
মুয়াযযম হোসাইন হেলাল : বরিশাল সিটি করপোরেশন বাংলাদেশের প্রথম দিকের পাঁচটি সিটি করপোরেশনের একটি। সিটি করপোরেশনগুলোর মধ্যে পঞ্চম ও ষষ্ঠ হিসেবে বরিশাল এবং সিলেটের নাম আসে। এরপর অন্যগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এখন সিটি করপোরেশনের সংখ্যা ১৩টি। সে হিসেবে বরিশাল অনেক পুরোনো সিটি করপোরেশন।
বরিশাল বাংলাদেশের প্রাচীন জেলার একটি। এই শহরে অনেক ঐতিহ্যবাহী ও বিখ্যাত ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন। শেরেবাংলা এ কে ফজলুল হকের মতো নেতা এই বরিশালের। তার বাবা আইনজীবী ছিলেন। প্রেসিডেন্ট আবদুর রহমান বিশ্বাসও এখানকার মানুষ ছিলেন। তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যানও ছিলেন। আশ্বিনী কুমার দত্তসহ অনেক বিখ্যাত ব্যক্তিরা এই সিটির নাগরিক ছিলেন। সে হিসেবে এখানকার জনগণ খুবই সচেতন।
নগরী এখন অনেক বড় হয়েছে। এখানে বর্তমানে ৩০টি ওয়ার্ড রয়েছে। ওয়ার্ডের সংখ্যা আরও ছয়-সাতটি বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। নগরীতে দিন দিন মানুষের বসবাস বাড়ছে, কিন্তু সুযোগ-সুবিধা কমে যাচ্ছে। বিশেষভাবে রাস্তাঘাট সংকীর্ণ হয়ে যাচ্ছে। পয়ঃপ্রণালি ব্যবস্থার সমস্যা রয়েছে। দূরবর্তী ওয়ার্ডগুলোর রাস্তাঘাটেরও সমস্যা আছে। বিশেষভাবে শ্রমজীবী, কর্মজীবী এবং প্রান্তিক পর্যায়ের মানুষের বসবাসের এলাকাগুলোয় উন্নয়নের ঘাটতি রয়েছে।
আমাদের প্রথম কাজ হবে, সবার জন্য সমান নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা। রাস্তাঘাট যথাসম্ভব সম্প্রসারণ করা এবং সেগুলো সবসময় চলনসই করতে আমরা নজর দেব, আমরা এ বিষয়টিকে গুরুত্ব দেব। বিদ্যুতের একটি সমস্যা আছে। যদিও এটি সরাসরি সিটি করপোরেশনের আওতাভুক্ত নয়, তারপরও আমরা এ ব্যাপারে খেয়াল রাখব। ছেলেমেয়েদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে বিশেষভাবে খেলাধুলার মাঠসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধার দিকে খেয়াল রাখব। যাতে করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিশুরা উপযোগী পরিবেশ পায় এবং যাতে তারা সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে।
বরিশালকে একসময় প্রাচ্যের ভেনিস বলা হতো। সেই ঐতিহ্য ও সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য নগরীর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি মৌলিক সমস্যাগুলোর সমাধান করতে চাই। সম্প্রতি আমি বরিশালের ৩ নম্বর ওয়ার্ডে গিয়েছিলাম। সেখানে ময়লার একটি ভাগাড় রয়েছে। ময়লার স্তূপ উঁচু পাহাড়ের মতো হয়ে আছে। আমরা সেখানে গিয়ে বলেছি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাই। আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু আছে, তার আলোকে বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ এবং জ্বালানি উৎপাদনের চেষ্টা করব। অথবা রিসাইক্লিংয়ের মাধ্যমে যা করা প্রয়োজন, তা করব, ইনশাআল্লাহ। এছাড়া নগরের হাটবাজারসহ বিভিন্ন জায়গায় নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করব।
নগরে বিপুলসংখ্যক ভাসমান ব্যবসায়ী রয়েছেন। তারা ক্ষুদ্র ব্যবসা করলেও যেন তাদের ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন, সে বিষয়টির দিকেও অবশ্যই খেয়াল রাখব। বরিশালে মশার উপদ্রব একটি বড় সমস্যা। মশকনিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। সব জায়গায় সুপেয় পানিসহ প্রয়োজনীয় নাগরিক সেবার ব্যবস্থা করব। আমরা এখনো দায়িত্বে নেই। দায়িত্বে এলে সিটি করপোরেশনের বিপুল পরিমাণ যে আয় রয়েছে বলে শোনা যাচ্ছে, সেই আয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক কল্যাণে যা যা করা দরকার, সেগুলো করব। আমাদের চেষ্টা থাকবে, নগরবাসী যেন সুখে, শান্তিতে ও সমৃদ্ধিতে বসবাস করতে পারেন।
সোনার বাংলা : নগরবাসীর জীবনমান উন্নয়নে কী কী করা দরকার বলে মনে করেন? স্থানীয়ভাবে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির জন্য নির্বাচিত হলে কী কী পদক্ষেপ নেবেন?
মুয়াযযম হোসাইন হেলাল : দেখুন, সিটি করপোরেশনের মেয়রের মূল কাজ হচ্ছে নগরকে গড়ে তোলা। কর্মসংস্থান জাতীয় পর্যায়ের একটি বিষয়। তারপরও আমি আগেই বলেছি, এখানে কর্মসংস্থানের যে সুযোগ-সুবিধাগুলো আছে, সেগুলোর ব্যবস্থা আমরা করব। বিশেষভাবে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক পর্যায়ের মানুষ যেন চলতে পারেন, সে ব্যবস্থা করব। কিন্তু তরুণ প্রজন্মের কর্মসংস্থানের বিষয়টি জাতীয়ভাবেই বিবেচনা করতে হবে। আপনারা লক্ষ করেছেন, ২০২৪ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে এ ব্যাপারে দেশবাসী তাদের মতামত জানিয়ে দিয়েছেন।
নগরের একজন নাগরিক হিসেবে এবং আল্লাহ যদি আমাকে নগরের মেয়র হিসেবে কবুল করেন, তাহলে এখানে আমরা যে কাজটি করব, তা হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। যাতে শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশের পেশাগত অঙ্গনে ভূমিকা রাখতে পারে। শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ধরনের শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য প্রকল্প গ্রহণ করব। এখানে আমাদের বিসিক অঞ্চল ও শিল্পনগরী রয়েছে। সেগুলোর উন্নয়নে কাজ করব। বিদেশি বিনিয়োগকারী ও নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে এবং অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেডের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করব।
আমি আরেকটি বিষয় বলতে চাই। স্বাস্থ্যসেবা খাত সারা বাংলাদেশেই খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। ঢাকায় ভালো ভালো হাসপাতাল আছে। সে জায়গাগুলোয় যাদের টাকা-পয়সা আছে, কেবল তারাই সেখানে সুযোগ-সুবিধা নিতে পারেন। কিন্তু আমাদের গরিব রোগীরা যখন সেখানে যান, তখন অনেক সময় তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা অত্যন্ত বেদনাদায়ক।
বরিশালে বিদ্যমান হাসপাতালের অল্প কয়েকটি কক্ষে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগীকে রাখা হচ্ছে। মনে হয়, যেন পশুদের যেভাবে বোঝাই করে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে সেভাবে মানুষকে রাখা হচ্ছে। এমন পরিবেশে রোগীদের সেবা কীভাবে হবে? দুর্গন্ধময় পরিবেশে রোগীরা ও তাদের স্বজন ও অ্যাটেনডেন্ট থাকেন, শিশুরাও থাকে। এই অবস্থাটা খুবই বেদনাদায়ক। আল্লাহ তায়ালা সুযোগ দিলে আমরা এ অবস্থার পরিবর্তনে কাজ করব এবং উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করার চেষ্টা করব।
সোনার বাংলা : বরিশাল সিটির বাসিন্দা হিসেবে আপনি জনকল্যাণমূলক উল্লেখযোগ্য কী কী কাজ করেছেন? কী উদ্দেশ্যে আপনি নির্বাচন করবেন?
মুয়াযযম হোসাইন হেলাল : দেখুন, জনকল্যাণমূলক কাজগুলো করার ক্ষেত্রে আমাদের অনেক প্রতিকূলতা ছিল। ১৭ বছর আমাদের কোনো কাজই করতে দেওয়া হয়নি। অথচ আমরা জনকল্যাণমুখী কাজ করি।
যখনই দুর্যোগ-দুর্বিপাক হয়েছে, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। সিডরের সময়ও আমরা কাজ করেছি। তার আগে আমার ছাত্রজীবনের একটি ঘটনা বলি। উড়িরচরে যখন দুর্ঘটনা ঘটে, তখন হয়তো আপনারা অনেকেই কিশোর বা শিশু ছিলেন। আমার মনে আছে, বরিশাল শহরে আমি মাইক নিয়ে লোকজনকে সঙ্গে করে রাস্তায় রাস্তায় ঘুরেছি। মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে ভোলায় চলে গেছি। ভোলার তজুমুদ্দিনের চরাঞ্চলে গিয়ে দুর্গত ও অসহায় মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। বসনিয়া ও হার্জেগোভিনায় যখন বিপুল গণহত্যার ঘটনা ঘটে, তখন ছাত্রাবস্থায় আমরা এর প্রতিবাদে ক্যাম্পেইন করেছি এবং বিভিন্ন কর্মসূচি পালন করেছি।
১৯৭৭-৭৮ সালের দিকে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের সময় আমি তৎকালীন ছাত্র ছিলাম। তখন রোহিঙ্গাদের পক্ষে কাজ করেছি, ফান্ড তৈরি করেছি এবং তা পাঠানোর চেষ্টা করেছি। আমাদের সাধ্যমতো সহযোগিতা পৌঁছে দিয়েছি।
পরবর্তী সময়ে দায়িত্বে আসার পরও আমরা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেছি। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আল-ফারুক সোসাইটি রয়েছে। সেখানে স্কুল আছে, দাতব্য চিকিৎসালয় আছে, আত্মকর্মসংস্থানের উদ্যোগ রয়েছে।
আল-ফারুক সোসাইটি ছাড়াও বরিশালে আরও দুটি মাদরাসা, স্কুলসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হয়। বিভিন্ন জায়গায় এসব প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে।
সিডরের সময় আমরা ঘরে ঘরে গিয়ে মানুষকে সাহায্য-সহযোগিতা করেছি। আমার মনে আছে, শহর ও গ্রামের প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে আমরা কাজ করেছি। বড় প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রেও আমাদের অনেক পরিকল্পনা ছিল। স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ এবং অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা ছিল। কিন্তু নানা রাজনৈতিক প্রতিকূলতার কারণে সেগুলো বাস্তবায়নের সুযোগ হয়নি। ইনশাআল্লাহ, সুযোগ পেলে ভবিষ্যতে এসব উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করব।
সোনার বাংলা : বর্তমান সরকারের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ রয়েছে। স্থানীয় নির্বাচনে এর প্রভাব কতটা পড়ার আশঙ্কা রয়েছে? নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কতটুকু? সমস্যা হলে জামায়াত বা বিরোধীদল কীভাবে মোকাবিলা করবে? নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে বলে মনে করেন?
মুয়াযযম হোসাইন হেলাল : ইনশাআল্লাহ, এবার জনগণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রতিহত করবে। জনগণ আমাদের কাছে এসে বলছে, আপনারা তো নির্বাচিত হয়েছিলেন, এখন আপনারা কী ভোট রাখতে পারবেন?
আমি তাদের বলি, হ্যাঁ, ঠিক আছে। আপনি ভোট দেবেন, আপনার ভোট নষ্ট হতে দেবেন না। আপনি ভোট দেবেন, আমরাও ভোটের জন্য মাঠে থাকব।
ইনশাআল্লাহ, ভোটার, আমাদের কর্মী এবং এলাকাবাসী— নারী, পুরুষ, কিশোর ও যুবশক্তি সবাই একজোট হবে। যত অস্ত্র, ভয়ভীতি ও পেশিশক্তিই দেখানো হোক না কেন, জনগণ ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলে শেখ হাসিনার সব শক্তি ও অস্ত্রশক্তি যেভাবে বিলীন হয়ে গেছে, এখানেও তা বিলীন হয়ে যাবে। এ ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং সফল হবে না, ইনশাআল্লাহ।
সোনার বাংলা : স্থানীয় সরকার ব্যবস্থায় বিএনপি সরকার প্রশাসক বসিয়ে রেখেছে। এক্ষেত্রে আসন্ন নির্বাচনগুলো নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ ও স্বচ্ছ করা সম্ভব হবে কি?
মুয়াযযম হোসাইন হেলাল : বিএনপি ক্ষমতায় না থেকেও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে। এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা বিভিন্নভাবে এসব করেছে। আরেকটি বিষয় লক্ষ করা যাচ্ছে, বর্তমান স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন জায়গায় বিএনপি তাদের দলীয় নেতৃত্বকে প্রশাসক হিসেবে বসিয়েছে। তারা এর মাধ্যমে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। আমার মনে হয়, এগুলো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটি অপকৌশল। নিঃসন্দেহে এটি তাদের রাজনৈতিক অঙ্গীকারের ব্যত্যয়। তারা কথা রাখেনি। কিন্তু তারপরও সবকিছু সফল হয় না। আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু তারা পারেনি। এখন অন্যরাও এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না। জনগণ প্রস্তুত হচ্ছে। তবে হ্যাঁ তাদের কেউ কেউ হয়তো বেশি ভয়ভীতি দেখাতে পারে। কিন্তু জনগণ জোটবদ্ধ হচ্ছে এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নির্বাচনের কথা বলছে।
আমি বরিশালে যখন মানুষের কাছে যাই, তারা আমাকে বলেন, আপনি কেন তখন বসে পড়লেন? সংগঠনের সিদ্ধান্তে আপনি তো নির্বাচিত হয়ে গিয়েছিলেন। আমি তাদের বলি, হ্যাঁ, হয়েছিলাম। এখন সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আবার দায়িত্ব পেয়েছি। জাতীয় দৃষ্টিভঙ্গি থেকে আমাদের আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান যে নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করেছি, এখনো করছি।
মানুষ এখন আবেগ নিয়ে বলছে, সামনে যেন আর এরকম না হয়। আমি তাদের বলি, ইনশাআল্লাহ, আসুন, আমরা একসঙ্গে থাকব। বরিশালের পরিবর্তন হবে, ইনশাআল্লাহ।
সোনার বাংলা : আপনার শৈশব, কৈশোর কোথায় কেটেছে এবং শিক্ষাজীবন নিয়ে সংক্ষেপে কিছু বলুন।
মুয়াযযম হোসাইন হেলাল : আলহামদুলিল্লাহ। আমার শৈশব, কৈশোর, যৌবন, ছাত্রজীবন এবং পেশাগত জীবন— সবই বরিশালে কেটেছে। তবে ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ১৯৮৯ সালে ডাকসু নির্বাচনে আমাদের শামসুল ইসলাম ভাইয়ের নেতৃত্বাধীন পরিষদে আমি পরিবহন সম্পাদক পদে কাজ করেছি।
আমার বরিশাল জেলা স্কুলের এসএসসি ব্যাচের এ বছর ৫০ বছর পূর্তি হচ্ছে। বন্ধুরা মিলে আগামী নভেম্বরে সেই আয়োজন করার পরিকল্পনা করছি। ইনশাআল্লাহ, সবাই একত্র হব। ছাত্রজীবনে আমি ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াত পাই। এরপর ইসলামী ছাত্রশিবিরের মাধ্যমে কাজ চলতে থাকে। শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। ১৯৮১ থেকে ১৯৮৬-৮৭ সাল পর্যন্ত বিভিন্ন দায়িত্ব পালন করি। এরপর কেন্দ্রে আসি। সেখানে কেন্দ্রীয় বিদেশ বিভাগ এবং অফিস সম্পাদক— এই দুটি দায়িত্ব পালন করি। ছাত্রজীবন শেষ করার পর বরিশালে অবস্থান করি। ১৯৯৩ সালে কিছুদিন শিক্ষকতা করেছি। বরিশালের আল-ফারুক একাডেমিতে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম। এরপর ১৯৯৩ সালে আইন পেশায় যুক্ত হই এবং আইনজীবী হিসেবে কাজ শুরু করি।
১৯৯০-এর দশকের পর বরিশাল মহানগর জামায়াতের সাংগঠনিক দায়িত্বে যুক্ত হই। ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৯ বছর মহানগরীর দায়িত্ব পালন করেছি। পরে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সঙ্গে যুক্ত হই ২০২০ সাল থেকে সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে কাজ শুরু করি। এভাবেই দায়িত্ব পালন করে যাচ্ছি।
সোনার বাংলা : আপনার রাজনৈতিক জীবনের পথচলা শুরু কবে থেকে এবং কীভাবে? রাজনৈতিক ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি ও অর্জন সম্পর্কে বলবেন?
মুয়াযযম হোসাইন হেলাল : আমি আন্দোলনের ময়দানের মানুষ। সামনে থেকে আমরা অনেক বাধা ও প্রতিবন্ধকতা মোকাবিলা করেছি। ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ওপর হামলার ঘটনা ঘটে। প্রগতিশীল বামপন্থী বিভিন্ন সংগঠনের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। তাসনীম আলম ভাইসহ অনেকে আহত হন। তখন আমাদের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন ভাই। এর প্রতিবাদে ১৯৮৩ সালের ৬ ফেব্রুয়ারি এবং পরবর্তী সময়ে ৮ ফেব্রুয়ারি আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করি।
বরিশাল বিএম কলেজেও আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম। সেখানে আমাদের ওপর আক্রমণ করা হয়। তখন আমরা সবাই আল্লাহর ওপর ভরসা রেখে সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাই। কেউ আমাদের সামনে আসতে সাহস করেনি। এরপর থেকে ধারাবাহিকভাবে আমাদের অফিস করতে বাধা দেওয়া হয়েছে। দিনের পর দিন পাহারা দিয়ে আমাদের অবস্থান ধরে রেখেছি। আলহামদুলিল্লাহ, আমরা কোনো সন্ত্রাসকে ভয় করি না। আমাদের নিজেদের দ্বারাও কোনো সীমালঙ্ঘন হয়নি।
১৯৮৩ থেকে শুরু করে ১৯৯০-৯১ সাল পর্যন্ত বিএনপির সঙ্গেও বিভিন্ন সময়ে আমাদের সংঘাত হয়েছে। এরশাদবিরোধী আন্দোলনেও আমরা ভূমিকা রেখেছি। এরশাদের জাতীয় সমাজতান্ত্রিক দল ও জাতীয় ছাত্রদলের পক্ষ থেকেও আমাদের ওপর আক্রমণ হয়েছে। এসব পরিস্থিতি আমরা সাহসের সঙ্গে মোকাবিলা করেছি। আল্লাহর ওপর ভরসা করলে সাহায্য আসে। আমাদের ছাত্র ও যুবশক্তি সংগঠনের আন্দোলনে গভীরভাবে আনুগত্যের সঙ্গে কাজ করেছে। এসব প্রতিকূলতা প্রতিহত করার চেষ্টা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকেন্দ্রিক একটি স্মৃতিও আমার মনে আছে। আমরা কলা ভবন থেকে একটি মিছিল শুরু করেছিলাম। মিছিলের ওপর আক্রমণ করা হয়। আমরা সংঘাতে জড়ানো না বলে সেখান থেকে চলে আসি। সেদিন আমাদের কাজ করতে দেওয়া হয়নি। পরে নির্বাচন হয়েছে। আগে বা পরে দেশের প্রত্যেকটি ঘটনার প্রতিক্রিয়ায় যথেষ্ট ভূমিকা রেখেছি।
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় যে নারকীয় ঘটনা ঘটেছে, আমাদের স্মৃতিতে সেটি রয়েছে। আমি তখন বরিশালে ছিলাম। বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে আমরা রাজপথে ছিলাম। এসব ঘটনা আমাদের আন্দোলনের জীবনের অংশ।
২০২৪ সালের আন্দোলনের সময়ও আমি বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। বরিশাল থেকে ঢাকায় ফেরার পথে মাদারীপুরে আটকে পড়েছিলাম। সেখানে পরিস্থিতি উত্তপ্ত থাকায় ঢাকায় ফিরে আসতে হয়। ঢাকায় এসে আদালত এলাকায় অবস্থান করি। সেখানে তাহের ভাই আমাকে দেখে জিজ্ঞেস করেছিলেন, আমি কোথা থেকে কীভাবে এসেছি। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, আমি হয়তো গ্রেপ্তার হয়ে যাব। পরে আদালতের ভেতরে আমাদের এক জুনিয়র বন্ধুর সহযোগিতায় অবস্থান করে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করি। এভাবেই জীবনের বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম ও বাধা অতিক্রম করে এগিয়ে এসেছি।
সোনার বাংলা : বরিশালে দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কতটা সংগঠিত ও শক্তিশালী? প্রতিকূলতার মধ্যে নির্বাচনে কতটা আশাবাদী?
মুয়াযযম হোসাইন হেলাল : আমাদের জনশক্তি এসব প্রতিকূলতার মধ্য দিয়েই তৈরি হয়েছে। তারা হঠাৎ করে বানে ভেসে আসা কচুরিপানা নয়। ইনশাআল্লাহ, এই জনশক্তিকে সংগঠন নৈতিক ও আদর্শিকভাবে প্রস্তুত করেছে। মাঠ-ময়দানও তারা প্রস্তুত করেছে।
তারা আল্লাহর ওপর তাওয়াক্কুল করে সব ধরনের দুঃসাহসিক ভূমিকা নিতে প্রস্তুত আছে। তারা কোনো অন্যায় করে না এবং অন্যায়ের সঙ্গে আপসও করে না। কোনো অন্যায় প্রতিরোধ করতে গিয়েও তারা সাহসের সঙ্গে আল্লাহর ওপর ভরসা করে সামনে এগিয়ে যায়। ভবিষ্যতেও তারা একইভাবে ভূমিকা রাখবে।
সোনার বাংলা : একজন সিনিয়র রাজনীতিবিদ হিসেবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? তরুণদের প্রতি আপনার বার্তা কী? জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও জাতীয় রাজনীতি নিয়ে আপনার প্রত্যাশা কী?
মুয়াযযম হোসাইন হেলাল : আমাদের প্রত্যাশা অনেক। ২০২৪ সালের অভ্যুত্থান সত্যিকার অর্থেই একটি অবিস্মরণীয় ঘটনা। আমি অনেকগুলো অভ্যুত্থান দেখেছি। ১৯৬৯ সালের অভ্যুত্থানের কথা আমার মনে আছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখেছি। তখন আমি শিশু থেকে কিশোর বয়সে ছিলাম। এরপর ১৯৯০ সালের অভ্যুত্থান এবং ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাও দেখেছি। কিন্তু ২০২৪ সালের অভ্যুত্থান অবিস্মরণীয়।
চব্বিশের অভ্যুত্থানের পর নির্বাচনী যে জাগরণ তৈরি হয়েছে, সেটিও একটি বিরাট জাগরণ। মানুষ মিছিল করে ভোট দিতে যাচ্ছে, দাঁড়িপাল্লার স্লোগান দিচ্ছে। ট্রেনে যাচ্ছে, বিমানে উঠছে— সেখানেও দাঁড়িপাল্লার স্লোগান। বিদেশ থেকে যারা আসতে পারছে না, তাদের ক্যাম্পের মধ্যেও দাঁড়িপাল্লার স্লোগান শোনা যাচ্ছে। এটি একটি বিশেষ প্রত্যাশার বহিঃপ্রকাশ। আমরা প্রত্যাশা করি, নতুনের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশার আলোকে দেশ গঠিত হবে।
আলহামদুলিল্লাহ, চব্বিশের অভ্যুত্থানের পরে সবাই মিলে ঐকমত্য কমিশনের মাধ্যমে একটি সনদ রচিত হয়েছিল। কিন্তু এখন সেটি তারা (বিএনপি) মানছে না। তাদের এ আচরণে জাতি এ কারণে অত্যন্ত বেদনাহত। তবে তারা হতাশ হয়ে বসে থাকবে না। আমাদের আশা, বিএনপি এই সনদ মেনে নেবে। দেশের জনগণের মনের ভাষা ও মুখের ভাষা বুঝবে। যদি না বোঝে, তাহলে তার পরিণতি ভালো হবে না।
তরুণ প্রজন্মের প্রতি আমার বার্তা হচ্ছে, তারা সবসময় সাহসের ওপর ভর করে এই দেশকে এগিয়ে এনেছে। দেশের সংকটকালে তারা সংকট উত্তরণ করেছে। সংকট উত্তরণ করতে গিয়ে তারা পৃথিবীর মধ্যে ইতিহাস সৃষ্টি করেছে। সেই তরুণ প্রজন্ম বাংলাদেশকে পিছিয়ে যেতে দেবে না, ইনশাআল্লাহ। তাদের রক্তের বিনিময়ে যে অঙ্গীকার তৈরি হয়েছে, তারা সেই অঙ্গীকার রক্ষা করবে, ইনশাআল্লাহ।
সোনার বাংলা : বাংলাদেশে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ নিয়ে আপনার মূল্যায়ন কী? রাষ্ট্র বিনির্মাণে ইসলামী দলগুলোর পারস্পরিক সম্পর্ক ও ভূমিকা নিয়ে আপনার প্রত্যাশা কী? পাঁচ বছর পর ইসলামী দলগুলোর অবস্থান কোথায় দেখতে চান?
মুয়াযযম হোসাইন হেলাল : আলহামদুলিল্লাহ, দেশের মানুষ ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে উজ্জীবিত হয়েছিল। তবে ইসলামী দলগুলোর ঐক্যের ক্ষেত্রে বাস্তবতাকেও তারা উপলব্ধি করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল ইসলামী দল ও আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ ভূমিকা ও সুসম্পর্ক প্রত্যাশা করে। দেশবাসীর প্রত্যাশা হচ্ছে, ইসলামী দলগুলো পারস্পরিক সমঝোতা, সহমর্মিতা ও সহনশীলতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমরা সেভাবেই প্রত্যাশা করি। দেশবাসীও এটাই প্রত্যাশা করে।
সোনার বাংলা : বাংলাদেশে আধিপত্যবাদের আগ্রাসন বন্ধ করতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের পক্ষ থেকে জনগণের প্রতি কোনো আহ্বান আছে কি?
মুয়াযযম হোসাইন হেলাল : বাংলাদেশের জনগণ আধিপত্যবাদী শক্তিকে মেনে নেয়নি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার পর আপনারা দেখেছেন, দিল্লিতে বসে ২৫ বছরের চুক্তি এবং সাত দফা চুক্তি হয়েছিল। এ দেশের মানুষ তা মেনে নেয়নি। বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্রনীতি তথা ভারতপ্রীতিকেও তারা মেনে নেয়নি। শেখ হাসিনার ভারতপ্রীতি জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল না। এটাই দেশের জনগণের চেতনা। আগামীতেও তাদের জন্য বার্তা হচ্ছে, জনগণ কোনো আধিপত্যবাদী শক্তিকে মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। সুতরাং আমরা বলতে চাই, আমরা বন্ধুত্ব চাই। সৎ প্রতিবেশীসুলভ ভূমিকা চাই। বিদেশি বহিঃশক্তি যারা আছে, তাদের সহযোগিতাও চাই। আমরাও তাদের পাশে থেকে দেশ ও বিশ্ব গঠনে ভূমিকা রাখতে চাই। এটাই আমাদের কথা।
সোনার বাংলা : স্থানীয় সরকার ব্যবস্থায় সুশাসন, সুষম উন্নয়ন ও জবাবদিহির জন্য সরকারের এ মুহূর্তে কী কী করণীয় আছে বলে মনে করেন?
মুয়াযযম হোসাইন হেলাল : জনগণের কাছে সরকারি দল যে অঙ্গীকার দিয়েছে, সেই অঙ্গীকার মেনে নিয়ে তারা রাজনীতি করবে। বিরোধীদলসহ অন্য দলগুলোও তাদের রাজনীতি করবে। বিএনপি নিজেদের মত চাপিয়ে দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চাইবে, প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে চাইবে— এই বিষয়গুলো তারা বন্ধ করুক। চব্বিশের অভ্যুত্থানের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেটি স্মরণ রেখে রাজনীতি করুক— এটাই আমাদের প্রত্যাশা।
সোনার বাংলা : আপনি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনার ভাবনা কী?
মুয়াযযম হোসাইন হেলাল : সামনে নির্বাচন হলে ইনশাআল্লাহ আমরা নির্বাচনে অংশ নেব। ১৯৯৬ সালে আমরা নির্বাচন করেছিলাম। এরপর ৩০ বছর আমরা নির্বাচন করতে পারিনি। এবার নির্বাচনে ভূমিকা রাখার জন্য সংগঠন আমাকে বলেছে। তাই আমি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে আন্দোলন অব্যাহত থাকবে।
আমার ভাবনা হচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাক। বাংলাদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে। বাংলাদেশকে এগিয়ে নিতে গিয়ে জনগণ ও দেশের রাজনীতি, গণতন্ত্র আহত হয়েছে। আর্থসামাজিক ক্ষেত্রে যে চরিত্রের সংকট তৈরি হয়েছে, সেটি বিভিন্নভাবে আমাদের বাধাগ্রস্ত করছে। এগুলো কাটিয়ে উঠতে হবে।
অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তনের একটি পর্যায় তৈরি হয়েছে, সেটিকে আরও শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্যে আমাদের দল কাজ করছে, ১১ দল কাজ করছে। ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের প্রচেষ্টাও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
সোনার বাংলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
সোনার বাংলা পরিবারকেও অশেষ ধন্যবাদ।