খুলনায় চলতি মাসে ৯ খুন, আতঙ্কে ব্যবসায়ীরা
২১ নভেম্বর ২০২৬ ১১:২১
সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান
খুলনা সংবাদদাতা : সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে খুলনা মহানগরী। হামলা, ভাঙচুর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত হয়ে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন ব্যবসায়ীরা। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়েছে নিরাপত্তাহীনতা। ভয়ে মুখ খুলছেন না অনেক ব্যবসায়ী। কেউ কেউ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শহর ছেড়ে চলে যাচ্ছেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন।
গত ২০ দিনে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি মহানগরীতে এবং চারটি রূপসা ও ডুমুরিয়া উপজেলায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে অপরাধ দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে জাহাঙ্গীর হোসাইন হেলাল বলেন, সারা দেশের মতো খুলনা মহানগরী ও অঞ্চলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কবলে পড়ে খুলনা নিয়মিত হত্যাকাণ্ডের নগরীতে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নগরবাসী ও সাধারণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উদাহরণ টেনে তিনি বলেন, গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা সফরে আসার দিনও জোড়া খুনের ঘটনা ঘটেছে। কিছুদিন আগে পুলিশপ্রধান খুলনা সফরে এলে সেদিনও একটি হাসপাতালে হামলা ও ভাঙচুর চালিয়ে সন্ত্রাসীরা নির্বিঘ্নে চলে যায়। সাধারণ ব্যবসায়ীরা ভয়ে মুখ খুলছেন না। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শহর ছেড়ে চলে যাচ্ছেন। এ অবস্থায় সরকারের বিভিন্ন সংস্থা ও প্রশাসনের কর্মকর্তারা কী ভূমিকা পালন করছেন, সে প্রশ্নও তোলেন তিনি।
খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, হামলা ও চাঁদাবাজির ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি একাধিক হত্যাকাণ্ড ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। এমনকি আতঙ্কের কারণে স্মারকলিপি প্রদানের ছবি ও নিজেদের নামও প্রকাশ করেননি সাধারণ ওষুধ ব্যবসায়ীরা। এ অবস্থায় খুলনায় অপরাধ দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু করেছে প্রশাসন। পাশাপাশি নগরী ও জেলার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো, টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
কেএমপি সূত্রে জানা গেছে, অভিযান শুরুর পর থেকে খুলনায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও কোচিং সেন্টারে চাঁদাবাজির ঘটনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমের ৬ সহযোগীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, গত ১৫ নভেম্বর রোববার রাতে বিষয়টি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালে ফাঁড়ির ইনচার্জ সেখানে যান। প্রাথমিকভাবে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্যরা ফার্মেসিতে চাঁদা দাবি করেছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না।
এদিকে খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড, হামলা ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় অপরাধ দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গ্রেফতার অভিযানও চলছে। গত ১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে খুলনা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক জরুরি বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান, এসআরবি-৬, জেলা পুলিশ, নৌপুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, অপরাধীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান পরিচালনার পাশাপাশি নগরী ও জেলার গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং প্রধান সড়কে তল্লাশিচৌকি বসানো, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের পাশাপাশি প্রয়োজনে ২০০ আনসার সদস্য মোতায়েন করা হবে।
এর আগে গত ১০ নভেম্বর নগরীর সাতরাস্তার বিএমএ ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সেখানে ড্যাব খুমেক শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. সালেহ পলাশ বলেন, বিশ্বের অন্য কোনো দেশে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এভাবে হামলার ঘটনা ঘটে না। অথচ খুলনায় একের পর এক এমন ঘটনা ঘটছে। চাঁদাবাজির ভয়ে এ পর্যন্ত ১১ জন চিকিৎসক খুলনায় আসতে পারছেন না। তারা দেশে ও দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে মান-সম্মানের ভয়ে আপস করে টাকা দিলেও প্রশাসনকে বিষয়টি জানাচ্ছেন না। ৭ দিনের মধ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে এবং পরিস্থিতির উন্নতি না হলে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। গত ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রূপসা ট্রাফিক মোড়, শান্তিধামসহ বিভিন্ন এলাকার ওষুধের দোকান ও মার্কেট এলাকায় পুলিশের উপস্থিতি রয়েছে। নিরাপত্তাহীনতার অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। নগরীতে প্রবেশ এবং নগরী থেকে উপজেলাগামী সংযোগ সড়কগুলোয়ও নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।
কেএমপির উপপুলিশ কমিশনার রেজাউর রহমান জানান, অপরাধপ্রবণ এলাকাগুলোয় পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। নগরীর প্রবেশদ্বারগুলোয় চেকপোস্ট বৃদ্ধি এবং পুলিশের টহল বাড়ানো হয়েছে। খুব শিগগির অপরাধীরা গ্রেপ্তার হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশাবাদী।
তবে খুলনার নাগরিক নেতারা মনে করেন, নগরীতে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ার পেছনে অভিযুক্তদের দ্রুত জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি অন্যতম কারণ। নগরীর পিটিআই মোড়ের অ্যাপোলো ডায়াগনস্টিকে হামলার ঘটনায় অভিযুক্ত হৃদয় নামে এক যুবককে গত সেপ্টেম্বর মাসে অস্ত্র মামলায় গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গত ২৬ অক্টোবর তিনি জামিনে বের হন। এরপর আবার একই ধরনের অপরাধে জড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সম্প্রতি শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী শেখ ফাকাব্বির সীন গত বছরের ডিসেম্বরে গ্রেপ্তার হন। ছয় মাসের মাথায় সিএমএম আদালত থেকে জামিনে মুক্তি পান। আরেক শীর্ষ সন্ত্রাসী মো. বিসমিল্লাহ ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হয়ে জুনে হাইকোর্ট থেকে জামিনে বের হন। তাদের বিরুদ্ধে বি কোম্পানির সহযোগী হিসেবে আবারও অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। নগরীর সদর থানা এলাকায় সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনায় বিসমিল্লাহ ও সীনের নাম উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
খুলনার সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্য, পুলিশ কমিশনার, ব্যবসায়ী সংগঠনের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলেছেন, খুলনার মানুষ শান্তি চায়, বাঁচতে চায়। এজন্য পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে পৃথক বিশেষ ইউনিট গঠন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।