আবুবকর সালেহ-এর কবিতা

রাহমাতুল্লিল আলামিন সা.


১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৯

বিশ্ব তখন অন্ধকারে
মুক্তি ছিল বন্ধ দ্বারে
পাপের ভারে ক্লান্ত ছিল ধরা
বিচারনীতি ছিল শিকল পরা।

কন্যাশিশুর জন্ম হলে
ভাসতো যে মা চোখের জলে
মরতো শিশু জন্ম নিয়েই ওরা
আঁতুড়ঘরেই থাকতো কবর খোঁড়া।

পথে-ঘাটে নির্বিচারে
জাত জালিমের বীর বিচারে
অবলাদের সম্ভ্রম হরণ খেলা
দিন-দুপুরে বসতো পাপের মেলা।

নরঘাতক মানবরূপী
জালিম ছিল দানবরূপী
করতো জুলুম, জালিম আবু জেহেল
অত্যাচারে জ্বালায় অহির রেহেল।

আবু লাহাব সদলবলে
দম্ভ এবং কূটকৌশলে
সত্যবাণী রুখতে পাড়ায় পাড়ায়
বুক চিতিয়ে সামনে এসে দাঁড়ায়।

মরতে রাজি জীবনবাজি
দেয় গুঁড়িয়ে, সব কারসাজি
রক্তনদীর উজানে দেয় সাঁতার
অদম্য বীর, সেনানীদের কাতার।

যুদ্ধ হলো রক্তক্ষয়ী
তিনিই হলেন বিশ্বজয়ী
পাপের শাসন পালালো লেজ তুলে
অত্যাচারী হার মানে তেজ ভুলে।

ওই হায়েনা রক্তলোলুপ
উতবা শায়বা আঁটলো কুলুপ
বিজয়ী দীন ফিরলো বিজয় বেশে
সত্য আবার দাঁড়ায় কাবা ঘেঁষে।

লা শরিকের বজ্রবাণী
দেয় ঘুচিয়ে চোখের পানি
বিজয় এলো আঁধারের বুকচিরে
শান্তি আবার ধরায় এলো ফিরে।

এই অমিয় শান্তি প্রিয়
সুখের ধারা মোহনীয়
রক্ত দিয়ে বিজয়ী হয় দীন
তিনিই সেরা রহমত আলামিন।

তাঁরই তরে দরূদ সালাম
তাঁরই তরে রবের কালাম
উড়বে আবার সেই পতাকা দীনের
আসবে বিজয় মুমিন এবং জীনের।

বাংলা ভাষায় নবীপ্রেমের কবিতা ও গান
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯

প্রতিশোধ নয়, উদারতা
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬

সাহিত্যে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫

গ্রন্থ পরিচিতি
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১

মোশাররফ হোসেন খান
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০