জুলাই বিপ্লবের পূর্ণতা দিতে সংস্কার ও গণভোট বাস্তবায়নের বিকল্প নেই – মুহাম্মদ শাহজাহান
৬ আগস্ট ২০২৬ ১১:১৮
চট্টগ্রাম সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জীবন হতে হবে উন্নত, আদর্শিক ও অনুসরণযোগ্য। একজন কর্মীর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক আচরণ ও সাংগঠনিক দায়িত্ব পালনের মধ্যে ইসলামের সৌন্দর্য ও নৈতিকতার প্রতিফলন ঘটাতে হবে। আত্মগঠন ও মানোন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে নিজেদের জ্ঞান, চরিত্র, আমল ও কর্মদক্ষতাকে সমৃদ্ধ করতে হবে। ইসলামী আন্দোলনের সফলতার জন্য কর্মীদের কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলার পাশাপাশি দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।
গত ৩১ জুলাই শুক্রবার নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ের বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম মহানগর জামায়াতের জোন-৫-এর অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও জোন-৫-এর পরিচালক মোরশেদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় শিক্ষাশিবিরে হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, সিবিএফ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স থানা শাখার অগ্রসর কর্মীদের অংশগ্রহণ করেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি গ্রহণযোগ্য ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা জরুরি। জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে অনুমোদন ও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করতে হবে।
জনগণের আকাক্সক্ষার প্রতি সম্মান জানিয়ে গণভোট ও জুলাই সনদ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবের পূর্ণতা দিতে সংস্কার ও গণভোট বাস্তবায়নের বিকল্প নেই।