শাহজাহান কবীরের ইন্তেকালে আলী আহমদ মাবরুরের অনুভূতি

সোনার বাংলা অনলাইন
২৫ মে ২০২৬ ১১:২৫

শোক

ফরিদপুরের পশ্চিম খাবাশপুরের বড়োবাড়ির সন্তান, বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির সাবেক কর্মকর্তা জনাব শাহজাহান কবীর চাচা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা হঠাৎ জেনে ভীষণ শোকাহত হলাম। ওনার সাথে আমাদের বহুদিনের পরিচয়, বহুদিনের সখ্যতা। একে তো নিজেদের এলাকার মানুষ। তাছাড়া শৈশব থেকেই ওনাকে দেখে আসছি।
আমার আব্বা, মোল্লা চাচা, শাহেদ আলী মরহুম চাচাদের কাছের মানুষ। আমরা ছোটবেলা থেকেই সমাজকল্যাণ বা এনজিও ঘরানায় যাদের কাজ করতে দেখে এসেছি, শাহজাহান চাচা তাদের মধ্যে অন্যতম। মগবাজার চাষী কল্যাণ সমিতিকে কেন্দ্র করে তিনি বাসা নিয়েছিলেন মীরবাগে। সেখানেই ছোট্ট একটি বাসায় পুরো জীবনটা কাটিয়ে দিলেন।
আমার সাথে প্রায়ই দেখা হতো। ওনার স্বপ্নের কথা জানতাম। ওনার ছেলেমেয়েরা ভার্সিটিতে পড়ছে। তাদের নিয়ে ভাবনা শেয়ার করতেন। কী কারণে বাসা বদলাতে পারছেন না- সেই বিষয়টিও শেয়ার করতেন। শেষ কয়েক বছর মগবাজার থেকে উত্তরায় এসে কাজ করতেন। আমাকে দেখলেই আলাদা করে নিয়ে বসতেন। খোঁজ নিতেন।
তিনি ঈদ উপলক্ষে একটি বেসরকারী সংস্থার পক্ষ থেকে সাতক্ষীরায় এতিমদের জন্য ঈদের নতুন পোশাক নিয়ে যাচ্ছিলেন। যাত্রাপথে কেরানীগঞ্জে তিনি অসুস্থ হয়ে পড়লে যাত্রীরা তাকে নিকটস্থ আদ দ্বীন হাসপাতালে নিয়ে গেলে সেখানেই কর্তব্যরত ডাক্তারগণ তাকে মৃত ঘোষণা করেন। একজন মানুষ আজীবন মানুষের জন্য কাজ করে গেলেন। আর এতিমদের জন্য কাজ করতে গিয়েই সফররত অবস্থায় তিনি ইন্তেকাল করলেন।
আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন। তাকে শহীদ হিসেবে কবুল করুন। তার সারা জীবনের নেক আমল কবুল করে তাকে জান্নাত নসীব করুন। আমিন।

শোক সংবাদ

সম্পর্কিত খবর