বিলের পানিতে নেমে অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি সালাহউদ্দিন আইউবী
৬ মে ২০২৬ ১৮:২৩
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা : গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে অন্য স্থানের মতো নলী বিলের পানির নিচে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের বোরো ধান। প্রতিদিনই বাড়ছে বিলের পানি। এখনই ধান কাটতে না পারলে যেন সবই শেষ হয়ে যাবে। এমনি এক ক্রান্তিলগ্নে নলী বিলের হতদরিদ্র কৃষক আল আমিনের পক্ষে বর্তমানে শ্রমিকের মজুরি দিয়ে পানিতে তলিয়ে যাওয়া আধাপাকা ধান কেটে বাড়িতে আনা অসম্ভব হয়ে পড়ে। দিশেহারা হয়ে পড়েন তিনি। প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবং বিলের ধান ক্ষেতের পানি বাড়ছে। এ অবস্থায় দ্রুত ধান কেটে না আনলে সব ফসলই হয়তো নষ্ট হয়ে যাবে।
এমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক আল আমিনের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর তরুণ এমপি সালাহউদ্দিন আইউবী।
গত ৫ মে মঙ্গলবার কাপাসিয়া উপজেলার চাঁদপুর ও দুর্গাপুর ইউনিয়নের মাঝখানের নলী বিলে কৃষক আল আমিনের পানির নিচে তলিয়ে যাওয়া বোরো ধান কাটার নেতৃত্ব দেন এমপি সালাহউদ্দিন আইউবী।
গত ৫ মে সকাল সাড়ে ৮টায় তিনি চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও জামায়াতের যুব বিভাগের ২৫-৩০ জন নেতাকর্মী নিয়ে হাঁটুপানিতে নেমে ধান কাটা শুরু করেন এবং বেলা দেড়টা পর্যন্ত কৃষকের প্রায় ১ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন।
কৃষকের ধান কাটায় অংশগ্রহণ করেন স্থানীয় এমপি সালাহউদ্দিন আইউবী, চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর এস এম মাওলানা সোলায়মান, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাইন উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা।
দলীয় নেতাকর্মীদের নিয়ে বিনা খরচে কৃষকের বোরো ধান কেটে ব্যাপকভাবে প্রশংসায় ভাসছেন তরুণ এমপি সালাহউদ্দিন আইউবী।
এমপি সালাহউদ্দিন আইউবী জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক রাজনৈতিক সংগঠন। হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঐতিহ্য ও নৈতিক দায়িত্ব। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সমস্যায় তাদের পাশে থাকতে আমরা অঙ্গীকারবদ্ধ। সাধারণ মানুষের জন্য ভবিষ্যতেও আমাদের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।