ব্যাংক খাতের সাংবাদিকদের সংগঠন এবিআরের যাত্রা শুরু
২ এপ্রিল ২০২৬ ১২:৫৩
স্টাফ রিপোর্টার : দেশের ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বিষয়ে কাজ করা সাংবাদিকরা গঠন করেছেন ‘অ্যাসোসিয়েশন অব ব্যাংকিং রিপোর্টার্স (এবিআর)’।
এবিআরের ১১ সদস্যের কমিটির আহ্বায়ক হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর বিশেষ প্রতিনিধি রিজভী নেওয়াজ ও সদস্য সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক শেখ আবু তালেব।
গত ৩০ মার্চ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এক মিলনায়তনে দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত ব্যাংক বিটের দুই ডজনের বেশি সাংবাদিক সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য সভা ডাকেন। উপস্থিত সাংবাদিকরা আলোচনার ভিত্তিতে নিজেদের পেশাগত উৎকর্ষসাধন, প্রশিক্ষণ-সেমিনার আয়োজন, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে একটি সংগঠন গড়ে তোলার কথা বলেন। পরে সাংবাদিকরা সংগঠন গঠনের সিদ্ধান্ত নেন। কয়েকটি নাম প্রস্তাবের পর অধিকাংশের মতের ভিত্তিতে এবিআর চূড়ান্ত করেন।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- ডেইলি অবজারভার পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক শামসুল হুদা, দৈনিক মানবজমিন পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক এম এম মাসুদ, বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪ এর নিজস্ব প্রতিবেক মাসুম মিয়া, সময় টিভির বিশেষ প্রতিবেদক সেলিয়া সুলতানা, অনলাইন পোর্টাল সিটিজেন জার্নালের জ্যেষ্ঠ প্রতিবেদক মরিয়ম সেঁজুতি। এছাড়া চ্যানেল ওয়ানের নিজস্ব প্রতিবেদক মিনা ফেরদৌস, এনটিভি অনলাইনের নিজস্ব প্রতিবেদক আনিসুজ্জামান, দৈনিক রূপালী বাংলাদেশের জ্যেষ্ঠ প্রতিবেদক রহিম শেখ ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম সদস্য হয়েছেন।